বিসিএস ক্যাডারদের পদোন্নতির স্থায়ী ব্যবস্থা হচ্ছে
সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নিয়ে জটিলতা নিরসনে ও যথাসময়ে পদোন্নতি নিশ্চিতে সাংগঠনিক কাঠামো সংস্কারের প্রক্রিয়া চলছে।
এছাড়া ক্যাডারের বাইরের সংস্থা ও দপ্তরের সাংগঠনিক কাঠামোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে।
বৃহস্পতিবার প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় সমন্বয় কমিটির আহ্বায়ক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সদস্যসচিব মো. ফিরোজ খান, সদস্য অধ্যাপক ডা. মাহমুদ হাসান, অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, প্রকৌশলী কবির আহমেদ ভূইয়া, প্রকৌশলী মো. আব্দুস সবুর, মো. মোবারক আলী, স ম গোলাম কিবরিয়া, অধ্যাপক নাসরীন বেগম, আই কে সেলিম উল্লাহ খোন্দকার, খায়রুল আলম প্রিন্স উপস্থিত ছিলেন।
বৈঠকে উপজেলা পরিষদ ব্যবস্থাপনার বিষয়েও আলোচনা হয়।
অষ্টম বেতন স্কেলে সরকারি প্রথম শ্রেণির চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ক্যাডার-ননক্যাডার বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
অষ্টম বেতন স্কেল নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাহবুবুর রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলালউদ্দিন।
বৈঠকে ফেডারেশনের উত্থাপিত প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়।
ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক ড. এ এস এম মাকসুদ কামাল বৈঠকে উপস্থিত ছিলেন।
