২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠিক সময়ে পদোন্নতি দিতে সংস্কার হচ্ছে সাংগঠনিক কাঠামো

জনপ্রশাসনের কর্মকর্তাদের যথাসময়ে পদোন্নতির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন ক্যাডারের সাংগঠনিক কাঠামো সংস্কার করছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 06:08 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার এক বৈঠকে সরকারের জ্যেষ্ঠ তিন সচিব প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির নেতাদের এই আশ্বাস দিয়েছেন।

বেতন কাঠামোর বৈষম্য নিরসনে দীর্ঘ দিন থেকে আন্দোলন করছে প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক, ২৬টি ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের কর্মকর্তাদের সংগঠন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি।

এই কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাহবুবুর রহমান।

বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমন্বয় কমিটি বলছে, সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের যথাসময়ে পদোন্নতির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে সাংগঠনিক কাঠামো সংস্কারের প্রক্রিয়া চলছে।

“যেসব ক্যাডার সাংগঠনিক কাঠামোর সংস্কার প্রস্তাব এখনও দেয়নি তাদের শিগগিরই জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওই প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাডার কর্মকর্তার বাইরে যেসব দপ্তর ও সংস্থায় নন-ক্যাডার কর্মকর্তাদের পদায়ন করা হয় তাদের সাংগঠনিক কাঠামোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে।

শিক্ষা ক্যাডারের বিদ্যমান চতুর্থ গ্রেডের পদগুলো তৃতীয় গ্রেডে উন্নীতে বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে বলে সচিবরা জানিয়েছেন।

এছাড়াও অষ্টম বেতন কাঠামোয় প্রথম শ্রেণির ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও সমন্বয় কমিটির নেতাদের জানানো হয়েছে।

নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভুত সব প্রেষণ বাতিল করার বিষয়েও সভায় ঐকমত্য হয়েছে বলে জানিয়েছে সমন্বয় কমিটি।

গত ১৫ ডিসেম্বর অষ্টম বেতন কাঠামোর গেজেট প্রকাশ করে সরকার। নতুন বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বিলুপ্ত করা হয়েছে।

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিতে প্রবেশের সময় প্রথম শ্রেণির ক্যাডার কর্মকর্তাদের বেতন নবম গ্রেডে এবং প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তাদের বেতন অষ্টম গ্রেডে নির্ধারণ করা হয়েছে।

সপ্তম বেতন কাঠামোতে প্রথম শ্রেণির ক্যাডার ও নন-ক্যাডার উভয় কর্মকর্তারাই চাকরিতে প্রবেশের সময় অষ্টম গ্রেডে বেতন পেতেন।

অষ্টম বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বহাল ছাড়াও শিক্ষকদের পদ ‘আপগ্রেডেশন’ এবং ‘বৈষম্য’ নিরসনে সংখ্যাতিরিক্ত অধ্যাপক পদ সৃষ্টির মাধ্যমে পদোন্নতির দাবি জানিয়ে আসছেন শিক্ষকরা।

এছাড়া অধ্যাপকদের পদমর্যাদা ও বেতনক্রম অবনমনের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিও পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

অন্য ক্যাডারের কর্মকর্তাদের পঞ্চম থেকে সরাসরি তৃতীয় গ্রেডে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু শিক্ষা ক্যাডারের পঞ্চম গ্রেডের সহযোগী অধ্যাপকরা পদোন্নতি পেয়ে চতুর্থ গ্রেডে অধ্যাপক হয়ে আসছিলেন। চতুর্থ গ্রেডের অর্ধেক অধ্যাপক সিলেকশন গ্রেড পেয়ে তৃতীয় গ্রেডে উন্নীত হতেন। সিলেকশন গ্রেড বাতিল হওয়ায় শিক্ষকদের তৃতীয় গ্রেডে উঠার পথ বন্ধ হয়ে গেছে।

প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির আহ্বায়ক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সদস্য সচিব মো. ফিরোজ খান, সদস্য অধ্যাপক মাহমুদ হাসান, অধ্যাপক ইকবাল আর্সলান, প্রকৌশলী কবির আহমেদ ভূইয়া, প্রকৌশলী মো. আব্দুস সবুর, মো. মোবারক আলী, স ম গোলাম কিবরিয়া, অধ্যাপক নাসরীন বেগম, আই কে সেলিম উল্লাহ খোন্দকার, খায়রুল আলম প্রিন্স বৈঠকে উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন ও যুগ্মসচিব (কলেজ) জালাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারও এই বৈঠকে ছিলেন।