পুলিশ সপ্তাহ: প্রথমবার নারী কর্মকর্তার নেতৃত্বে প্যারেড
প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তার নেতৃত্বে প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ শুরু হতে যাচ্ছে।
মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথম দিনের প্যারেডে নেতৃত্ব দেবেন চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার। পুলিশ সপ্তাহে প্যারেডের ইতিহাসে এই প্রথম একজন নারী নেতৃত্ব দিচ্ছেন, যেখানে সহস্রাধিক পুলিশ সদস্য অংশ নেবেন।
এটাকে জেন্ডার সমতা এবং নারীর ক্ষমতায়নে নতুন মাইলফলক বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
২০১৫ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য স্বীকৃতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী।
এবার ১৯ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ২০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২৩ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা ও ৪০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা পদক দেওয়া হচ্ছে।
এছাড়াও ছয়জনকে মরণোত্তর পদকও দেওয়া হবে।
চার দিনব্যাপী সপ্তাহের প্রথম দিন মঙ্গলবার প্যারেড ছাড়াও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিয়ে সম্মেলন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পর দিন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ ছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আইজিপির সম্মেলন এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা।
তৃতীয় দিন বৃহস্পতিবার রয়েছে ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণ, বিভিন্ন সফলতা বিষয়ে পুরস্কার বিতরণ, পুলিশ অফিসার্স মেসের বার্ষিক সাধারণ সভা এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের সাথে কর্মরত পুলিশ অফিসারদের পুনর্মিলনী।
আইন-শৃঙ্খলা ও অপরাধ সংক্রান্ত মতবিনিময় সভার মধ্য দিয়ে শুক্রবার শেষ হবে পুলিশ সপ্তাহ।
এছাড়া গতবছরের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী বছরের কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হবে বলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
