সম্পত্তির বিরোধে থিয়েটারকর্মীর সন্তান ও মাকে আটকে রাখার অভিযোগ
ঢাকার এক থিয়েটারকর্মী অভিযোগ করেছেন, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার শিশু সন্তান ও মাকে চাঁদপুরের মতলবে দাদার বাড়িতে আটকে রাখা হয়েছে।
প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে আছমা আক্তার (৩৫) নামের ওই থিয়েটারকর্মী সোমবার সংবাদ সম্মেলন করেছেন।
আছমা ঢাকায় ‘গ্রন্থি’ নামের একটি নাটকের দলের সঙ্গে যুক্ত। তার ছেলে আবদুর রহমান রূপ রাজধানীর মালিবাগে আলিফ কিন্ডারগার্টেনের নার্সারীর ছাত্র।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে আছমা বলেন, তার দাদার সম্পত্তির চারজন শরীক। তার দাদা এক ছেলেসহ তার দাদিকে বিয়ে করেছিলেন।
সেই ছেলে ফজলুর রহমানেই এখন দাদার সম্পত্তির ভোগদখল করছেন এবং তিনিই আছমার মা সালেহা বেগম ও ছেলে রূপকে আটকে রেখে হত্যার হুমকি দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
“আমার দাদা এলাহী বক্স ব্রিটিশ সরকারের কাছ থেকে চাঁদপুরে ১২ একর জমি পেয়েছিলেন। এরপর তিনি আমার দাদিকে সন্তানসহ বিয়ে করেছিলেন। পরে তাদের পরিবারে তিন সন্তান হয়। তবে দাদির প্রথমপক্ষের সন্তান অন্য তিন শরীককে নিয়ে জমিজমা বিক্রি করে দেয়।
“বৃদ্ধ বয়সে দাদি অসুস্থ হয়ে পড়লে দাদা আরেকটি বিয়ে করেন। সেখানেও তার মাসুদ নামের এক সন্তান আছে। আমার বাবা ওসমান গণিকে দীর্ঘ দুই যুগ আগে ফজলুর রহমানের লোকেরা গুম করে ফেলেছিল। সে সময় আমরা দুই ভাইবোন নাবালক থাকায় মামলা করতে পারিনি।”
সম্প্রতি সম্পত্তি বুঝে নিতে আছমা তার মা ও ছেলেকে নিয়ে চাঁদপুরে দাদার বাড়িতে যান। সেখানে ফজলুর রহমান ও তার মেয়ের জামাতা বুলু স্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় তাদের মেরে ফেলার হুমকি দেয় বলে আছমার অভিযোগ।
তিনি বলেন, ফজলুরের লোকজন তার কাছে আড়াই লাখ টাকা দাবি করেন এবং বিভিন্ন সময়ে তাদের ওপর হামলা করা হয়। গত ১ জানুয়ারি চাঁদপুর থেকে ফেরার পথেও বুলু ও তার সহযোগীদের নিয়ে হামলার মুখে পড়তে হয় বলে অভিযোগ করেন আসমা।
“প্রতিদিনই আমার সন্তান ফোন করে ঢাকায় আসতে চায়। মাও ফোন করে কান্নাকাটি করে। তারপরও তাদের ঢাকায় আসতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের কাছে আমি পরিবারের সদস্যদের নিরাপত্তা চাই।”
তবে ফজলুর রহমানের ফোন নম্বর চাইলে তা দেননি আছমা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে চাঁদপুরের পুলিশ সুপারের সাময়িক দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমরা তদন্ত করে দেখব। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
