স্পেক্ট্রাকে ২ লাখ জরিমানা, শুক্রবাদে ফ্যাশন হাউজ উচ্ছেদ
রাজউকের চলমান উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে বুধবার রাজধানীর শুক্রবাদ, গুলশান ও উত্তরায় নকশা বহির্ভূত বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি পার্কিংয়ের জায়গা দখলে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে গুলশান-১ এর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারও রয়েছে।
৮ নম্বর সড়কে পার্কিংয়ের জায়গা দখলের দায়ে তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে রাজউক অঞ্চল-৪ এর কর্মকর্তা আদিলুজ্জামান জানিয়েছেন।
ওই এলাকায় রাস্তা ও ফুটপাতে নির্মিত ২০টি অবৈধ র্যাম্প উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার গুলশান-১ এর ৯, ১০ ও ১১ নম্বর সড়কে পার্কিংয়ের জায়গা উদ্ধারে অভিযান চালানো হবে বলে জানান এই কর্মকর্তা।
এদিকে বেলা ৩টার দিকে রাজউকের অঞ্চল-৫ এর কর্মকর্তা শাফিউল হান্নানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত কলাবাগান বাসস্ট্যান্ড থেকে উত্তর দিকে ১৩ নম্বর সড়ক পর্যন্ত এলাকায় মিরপুর রোডের পশ্চিম পাশে অভিযান চালায়।
মেট্রো শপিংমলের আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ের জায়গা দখল করে নির্মাণ করা কেএফসির রান্নাঘর ভেঙে দেওয়া হয়। পাশাপাশি রেস্তোরাঁর ব্যবস্থাপক জুয়েল রানাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন।
এছাড়া চিলিস রেস্টুরেন্টের পার্কিংয়ের জায়গায় নির্মিত গুদাম, সেলুন ভেঙে দেওয়া হয়।
পাশে ১২ নম্বর রোডের ‘সেভেন ইলাভেন’ নামের একটি রেস্টুরেন্টের পার্কিংয়ের জায়গায় থাকা রান্নাঘর ভেঙে দেওয়া হয়। পাশাপাশি উচ্ছেদকাজে অসহযোগিতার জন্য রেস্তোরাঁর ব্যবস্থাপকের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পাশের ভবনের পার্কিংয়ের জায়গায় নির্মিত কেক্র্যাফট, অঞ্জন্স, নগরদোলা ফ্যাশন হাউজের অবৈধ অংশও উচ্ছেদ করা হয়।
এদিকে উত্তরা ৩ নম্বর সেক্টরে ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে কুশল মার্কেটের নিচ তলার পার্কিংয়ের জায়গায় দেড় শতাধিক দোকান উচ্ছেদে অভিযান চালানো হয় বলে রাজউকের অঞ্চল-২ এর কর্মকর্তা মিজানুর রহমান।
