২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিএ’র ৬২তম সম্মেলন হচ্ছে ঢাকায়

চলতি বছরে ঢাকায় হচ্ছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬২তম সম্মেলন, যা আগামী ১ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 08:35 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে সম্মেলনের বিষয়ে তাকে অবহিত করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিপিএ’র সম্মেলন ঢাকায় আয়োজন করার উদ্যোগ নেওয়ার জন্য স্পিকারকে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি।

"এ সময় রাষ্ট্রপতি বলেন, সিপিএ চেয়ারপারসন হিসেবে স্পিকারের এই উদ্যোগ বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।”

রাষ্ট্রপতি সিপিএ সম্মেলনের সাফল্য কামনা করেন বলে জানান প্রেস সচিব।

শিরীন শারমিন এ সময় আগামী ২০ জানুয়ারি শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।

বছরের প্রথম এই অধিবেশনে সংবিধানের নিয়ম অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি।পরে তার ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।

প্রেস সচিব বলেন, “সাক্ষাতের সময় স্পিকার জাতীয় সংসদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।”

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

২০১৪ সালের ৯ অক্টোবর ক্যামেরুনের রাজধানী ইয়াউনদে-তে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬০তম সম্মেলনে সরাসরি ভোটে প্রথম বাংলাদেশি হিসেবে চেয়ারপারসন নির্বাচিত হন শিরীন শারমিন।

তিন বছরের জন্য নির্বাচিত এই বাংলাদেশি আগামী ২০১৭ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন।

পুরনো খবর:

শিরীন শারমিন ভোটে জিতে সিপিএ চেয়ারপার্সন