মোহাম্মদপুরের হেলে পড়া ভবন ভাঙার নির্দেশ
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের হেলে পড়া ভবনটি ভেঙে ফেলতে নিদের্শ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
আগামী সাত দিনের মধ্যে ওই ভবন ভেঙে ফেলতে হবে বলে রাজউকের পরিচালক ওয়ালিউর রহমান জানিয়েছেন।
সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় মালিকপক্ষকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
“এর আগে যত দ্রুত সম্ভব পুলিশ এবং দমকল বাহিনীর সহায়তায় ভবন থেকে বাসিন্দাদের মালামাল সরিয়ে ফেলার জন্যও বলা হয়েছে।”
নির্ধারিত সময়ের মধ্যে ভবনটি ভাঙা হলে রাজউকই তা ভেঙে ফেলবে এবং এর খরচ ভবনমালিকের কাছ থেকে আদায় করা হবে বলে এক সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।
তবে ভবন ভাঙার বিষয়ে রাজউকের পক্ষ থেকে কোনো পায়নি বলে মালিকপক্ষ থেকে জানানো হয়েছে।
তবে সন্ধ্যা পর্যন্ত ভবন ভাঙার বিষয়ে রাজউকের কাছ থেকে কোনো চিঠি পাননি বলে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চিঠি পেলে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব।”
শনিবার সকালে তাজমহল রোডে মিনার মসজিদের কাছে ১৯/৪ নম্বর হোল্ডিংয়ের ওই চারতলা ভবনের ওপরের অংশ পাশের একটি ভবনে হেলে পড়ে।এতে ভবনের বাসিন্দারা আতঙ্কিত হলেও বিকাল পর্যন্ত তারা সেখানেই ছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি রাজউককে জানায়। সন্ধ্যায় রাজউকের একটি দল ভবনটি পরিদর্শন করে; পুলিশ বাসিন্দাদের বের করে তা সিলগালা করে দেয়।
ভবনের অন্যতম মালিক এম হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তবে রাজউক রোববার যে চিঠি দিয়েছে তাতে বুয়েট থেকে ভবন পরীক্ষা করে সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
“এর মধ্যে ওই চিঠি বুয়েটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।”
এদিকে মালামাল সরিয়ে নেওয়ার বিষয়ে রাজউকের এই সিদ্ধান্তের কথা সন্ধ্যা পর্যন্ত জানতে পারেনি বলে জানিয়েছেন একাধিক বাসিন্দা।
খলিলুর রহমান ও ফারুক রহমান নামে দুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা গত দুদিন ধরে নিদারুণ কষ্টের মধ্যে রয়েছেন।
তিনি বলেন, “স্কুলগুলোতে নতুন ক্লাস শুরু হয়েছে। অনেক শিক্ষার্থীর পোশাক তৈরি হয়ে পড়ে আছে; তারা স্কুল যেতে পারছে না।
ফরিদ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জানান, তার শিক্ষাপ্রতিষ্ঠানের সব কাগজ রয়েছে বাসার ভেতর। কাগজ না পেলে তার ভর্তির কাজ হবে না।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পর কয়েকজনকে স্কুলে রাখার ব্যবস্থা করা হয়েছে। সোমবার তারা বিক্ষোভ করেছে। মালামাল বের করে দেবার তাদের একমাত্র দাবি।
