২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালি করা হলো মোহাম্মদপুরের হেলে পড়া ভবন

ঢাকার মোহাম্মদপুরে তাজমহল রোডের একটি চারতলা ভবন হেলে পড়ার পর সেটিকে প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 07:32 PM

Updated : 11 Oct 2022, 07:33 PM

পুরনো খবর:

মোহাম্মদপুরে হেলে পড়েছে চারতলা ভবন

শনিবার সন্ধ্যায় রাজউক কর্মকর্তাদের উপস্থিতিতে তাজমহল রোডে মিনার মসজিদের কাছে ১৯/৪ নম্বর হোল্ডিংয়ের ওই ভবনের বাসিন্দাদের বের করে সেটি সিলগালা করে দেয় পুলিশ।

এর আগে সকালে ভবনটির ওপরের অংশ পাশের একটি ভবনে হেলে পড়েছে দেখা যায়। এতে ভবনের বাসিন্দারা আতঙ্কিত হলেও বিকাল পর্যন্ত তারা সেখানেই ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি রাজউককে জানায়। সন্ধ্যায় রাজউকের একটি দল ভবনটি পরিদর্শন করে।

রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিক পর্যবেক্ষণে ভবনটিকে ঝুঁকিপূর্ণ বলে মনে হওয়ায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে ভবনটি খালি করা হয়েছে।"

তবে ঝুঁকির পরিমাণ কতটুকু এবং ভবনটিকে কোনোভাবে নিরাপদ করা সম্ভব কিনা এ বিষয়ে রোববার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে একটি বিশেষজ্ঞ দল এসে সেটিকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে বলে জানান তিনি।

এর আগে ভবন হেলে পড়ার খবর পেয়ে দুপুরে সরেজমিনে দেখা যায়, কিছুটা পুরাতন চারতলা ওই ভবনের উপরের অংশ পশ্চিম পাশের নতুন একটি ভবনে লেগে রয়েছে।

এ সময় মোহাম্মদপুর থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোহাম্মদপুর জোনের প্রতিনিধিদের ভবন পরিদর্শনে দেখা যায়।

থানার এএসআই মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "বাড়ির মালিককে ডেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশপাশি ভাড়াটিয়াদের সরিয়ে দিতে বলা হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।"

এছাড়া ভবনের মালিকপক্ষকে সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীদের মতামত নিতে বলা হয়েছে বলে জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর জোন স্টেশন অফিসার সজীব সরকার।