মোহাম্মদপুরে হেলে পড়েছে চারতলা ভবন
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি চারতলা ভবন হেলে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, তাজমহল রোডের মিনার মসজিদের কাছে ১৯/৪ নম্বর হোল্ডিংয়ের ওই ভবন হেলে পড়ার খবর তারা শনিবার সকালে পান। ভবনটির বাসিন্দারা আতঙ্কিত হলেও চলে যায়নি।
ভবনটির পশ্চিম পাশের একটি ভবনে হেলে পড়ার খবর নিশ্চিত করেছে দমকল বাহিনী।
রুবেল নামে স্থানীয় এক যুবক জানান, সকালে ওই ভবন হেলে পড়ার খবর তারা স্থানীয়দের মুখেমুখে শোনেন। এরপর সেখানে গিয়ে দেখতে পান, কিছুটা পুরাতন ভবনটির উপরের অংশ পশ্চিম পাশের নতুন একটি ভবনে লেগে আছে।
ভবনটি হেলে পড়লেও দুপুর পর্যন্ত বাসিন্দারা সরে যায়নি।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার সহকারী উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির মালিককে ডেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশপাশি ভাড়াটিয়াদের সরিয়ে দিতে বলা হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
