২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৮

রাজধানীর রমনার সেগুনবাগিচায় দুই পক্ষের মারামারির পর অভিযান চালিয়ে একটি শটগানসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 11:16 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

মঙ্গলবার তাদের আটক করা হয় বলে র‌্যাব-৩ এর এএসপি আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

র‌্যাব জানায়, সকাল সাড়ে ৯টার দিকে সেগুনবাগিচায় একটি জমির দখল নিয়ে এক পরিবারের দুই পক্ষের মধ্যে মারামারি হয়। তখন শটগানের গুলিতে রতন নামে একজন আহত হন।

এএসপি করিম বলেন, “মারামারির খবর পেয়ে র‌্যাব ওই এলাকার এক বাসায় অভিযান চালিয়ে একটি শটগান ও ৩১ রাউন্ড গুলিসহ রতনের চাচা জাকির হোসেন, তার সহকর্মী হৃদয়সহ আটজনকে গ্রেপ্তার করে।”

শটগানটির লাইসেন্স রয়েছে জাকিরের নামে। কিন্তু এই অস্ত্রটি অবৈধ কাজে ব্যবহার করা হয়েছিল এবং হৃদয় গুলি ছুড়েছিলেন বলে র‌্যাব কর্মকর্তা করিম জানান।