সৌদি-ইরান দ্বন্দ্বে বাংলাদেশ নীরব
সৌদি আরব ও ইরানের সম্পর্কের চলমান রেষারেষিতে নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।
সুন্নিপ্রধান সৌদি আরব ও শিয়াপ্রধান ইরানের পাল্টাপাল্টিতে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক তা এড়িয়ে যান।
“এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না,” সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন তিনি।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখন কোনো পক্ষে জড়াতে চাচ্ছি না।”
মধ্যপ্রাচ্যের এই দুই মুসলিম দেশের সঙ্গেই বাংলাদেশের ভ্রাতৃত্বমূলক সম্পর্ক রয়েছে। এর মধ্যে সম্প্রতি সৌদি আরব নেতৃত্বাধীন একটি সামরিক জোটেও বাংলাদেশ যোগ দিয়েছে।
বাংলাদেশের সবচেয়ে বেশি কর্মী কাজ করছে সৌদি আরবে। অন্যদিকে পরমাণু কর্মসূচি নিয়ে বাণিজ্যিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ঢাকার সঙ্গে সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করার প্রতিশ্রুতি রয়েছে তেহরানের।
শিয়া নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিক্রিয়ায় ইরানে সৌদি দূতাবাসে হামলার পর রিয়াদ এবং তেহরানের সম্পর্ক এখন উত্তপ্ত।
আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অভিসম্পাত দেওয়ার পর সৌদি আরব রোববার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়।
সৌদি আরবের কূটনৈতিক পদক্ষেপকে সমর্থন দিয়ে বাহরাইন ও সুদানও সম্পর্ক ছিন্ন করেছে ইরানের সঙ্গে। ইরান থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতও।
