২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে শীর্ষ শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর

সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের দায়ে শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 02:21 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স।

সন্ত্রাসী হামলার দায়ে অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত ৪৭ জনের মধ্যে শেখ নিমর অন্যতম ছিলেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

২০১১ সালে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে যে ব্যাপক সরকার-বিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল তার পক্ষে জোরালো সমর্থন প্রকাশ করেছিলেন শেখ নিমর।

দুই বছর আগে গ্রেপ্তারের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি, এতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে অস্থিরতা ছড়িয়ে পড়েছিল।

নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে আগেই হুঁশিয়ারি জানিয়ে ইরান বলেছে, “নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে সৌদি আরবকে বড় ধরনের খেসারত দিতে হবে।”

নিমর ছাড়া অন্য যে ৪৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের অধিকাংশই ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত সৌদি আরবে আল কায়েদার চালানো ধারাবাহিক হামলার সঙ্গে জড়িত ছিলেন।