২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেহরানে সৌদি দূতাবাসে শিয়া বিক্ষোভকারীদের আগুন

সৌদি আরব সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অভিযোগে শিয়া নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তীব্র প্রতিক্রিয়া হয়েছে ইরানে। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 11:08 AM

Updated : 11 Oct 2022, 07:31 PM

শিয়া বিক্ষোভকারীরা শনিবার গভীর রাতে তেহরানে সৌদি আরবের দূতাবাসে আগুন দিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।  

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষুব্ধ শিয়ারা মিছিল নিয়ে দূতাবাস ভবনে ঢুকে পড়ে এবং আসবাবপত্র ভাঙচুর করে আগুন দেয়। পরে ইরানি পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।   

ইরানের প্যারামিলিটারি স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যদের সৌদি দূতাবাস ভবনে পেট্রোল বোমা ছুড়তে দেখা গেছে বলেও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে বিবিসি।   

রাতে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার ব্রিগেডের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

২০১১ সালে সৌদি আরবের আওয়ামিয়া শহরকে কেন্দ্র করে পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে সৌদি রাজ পরিবারের বিরুদ্ধে যে শিয়া আন্দোলন শুরু হয়েছিল, তাতে জোরালো সমর্থন ছিল শেখ নিমরের।

দুই বছর আগে গ্রেপ্তারের সময় তিনি গুলিবিদ্ধ হলে ওই এলাকায় ছড়িয়ে পড়েছিল অস্থিরতা ।

শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার খবর জানায়।

বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এই মৃত্যুদণ্ড স্থগিত করার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল। ইরান বলেছিল, নিমরের দণ্ড কার্যকর করা হলে সৌদি আরবকে ‘বড় ধরনের খেসারত’ দিতে হবে।

সৌদি সরকার সন্ত্রাসবাদের অভিযোগে শেখ নিমরকে প্রাণদণ্ড দিলেও এই শিয়া নেতার সমর্থকদের বিশ্বাস, রাজতন্ত্রের সমালোচনা করায় ‘বিচারের নামে এই প্রহসন’ করা হয়েছে।

সুন্নিপ্রধান সৌদি রাজপরিবারের বিরুদ্ধে ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকারের কথাও ইতোমধ্যে জানিয়েছে ইরানের রেভ্যুলেশনারী গার্ড।

অবশ্য শনিবার রাতে তেহরানে সৌদি দূতাবাসে হামলার ঘটনার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিক্ষোভকারীদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়ে কূটনৈতিক এলাকায় এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।