মিরপুরে গ্রেপ্তার ৩ ‘জঙ্গি’ ফের রিমান্ডে
মিরপুরে ‘জঙ্গি আস্তানা’ থেকে বিস্ফোরকসহ গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবার চার দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
শুক্রবার আসামিদের উপস্থিতিতে পুলিশের আবেদনে সাড়া দিয়ে ঢাকার মহানগর হাকিম ইউনুস খান এ আদেশ দেন।
আসামিরা হলেন- আবু সাইদ ওরফে রাসেল ওরফে সালমান (২২), ইলিয়াস ওরফে ওমর ফারুক (২৩) ও মোহসীন আলী ওরফে রুবেল (২০)। আবু সাইদের বাড়ি দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায়, ইলিয়াসের বাড়ি চাঁদপুরের মতলবে এবং মোহসীনের বাড়ি জয়পুরহাটে।
আদালত পুলিশের প্রসিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান, মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মুমিন খান আবার সাত দিনের রিমান্ড চাইলে বিচারক চার দিন মঞ্জুর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রিমান্ড আবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারের সময় আস্তানা থেকে পালিয়ে যাওয়া জেএমবির সেকেন্ড ইন কমাণ্ড মুস্তাফিজুর রহমান ওরফে শাকিল ও সোহেল রানা ওরফে হিরন ওরফে কামালকে গ্রেপ্তারের জন্য জেএমবির সক্রিয় সদস্য এই তিন আসামিকে নিয়ে অভিযান চালানো দরকার। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তাদের আরও জিজ্ঞাসাবাদ করাও প্রয়োজন।
এর আগে গত শুক্রবার এ তিন আসামিকে আদালতের আদেশে ছয় দিনের রিমান্ডে নেয় পুলিশ।
২৩ ডিসেম্বর মধ্যরাত থেকে পরদিন বিকাল পর্যন্ত মিরপুরের শাহ আলী থানার ৯ নম্বর রোডের ‘এ’ ব্লকের একটি বাড়িতে ‘জেএমবি আস্তানা’ রয়েছে খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
১৪ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালিয়ে ভবনটির ছয় তলার দুটি ফ্ল্যাট থেকে ‘বিপুল পরিমাণ’ বিস্ফোরক ও ‘সুইসাইড ভেস্ট’ উদ্ধার করা হয় বলে পুলিশ কর্মকর্তারা জানান।
অভিযানে ওই দুই ফ্ল্যাট থেকে ছয়জনকে আটক করা হয়, যাদের মধ্যে অন্তত তিন জন জামাআ’তুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ‘গুরুত্বপূর্ণ’ সদস্য বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়।
এ ঘটনায় ডিবির পরিদর্শক মো. শফিউদ্দিন গত শুক্রবার দুপুরে শাহ আলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন, যাতে অভিযানে আটক তিন জেএমবি সদস্যসহ ছাড়াও অজ্ঞাতপরিচয় সাত জনকে আসামি করা হয়।
