২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে গ্রেপ্তার ৩ জেএমবি রিমান্ডে

ঢাকার মিরপুরে ‘জঙ্গি আস্তানা’ থেকে বিস্ফোরকসহ গ্রেপ্তার তিন জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 07:55 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

এই তিন জেএমবি সদস্য হলেন- ইলিয়াস, ওমর ফারুক ও মহসীন।

ঢাকার মহানগর হাকিম মুহাম্মদ মাজহারুল ইসলাম শুক্রবার তাদের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের এসআই শহীদুল ইসলাম জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মোমিন খান আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে বিচারক তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মিরপুরের শাহ আলী থানার ৯ নম্বর রোডের ‘এ’ ব্লকের একটি বাড়িতে ‘জেএমবি আস্তানা’ রয়েছে খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

১৪ ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে ভবনটির ছয় তলার দুটি ফ্ল্যাট থেকে ‘বিপুল পরিমাণ’ বিস্ফোরক ও ‘সুইসাইড ভেস্ট’ উদ্ধার করা হয় বলে পুলিশ কর্মকর্তারা জানান।

অভিযানে ওই দুই ফ্ল্যাট থেকে ছয়জনকে আটক করা হয়, যাদের মধ্যে অন্তত তিনজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ‘গুরুত্বপূর্ণ’ সদস্য বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়।

এ ঘটনায় ডিবির পরিদর্শক মো. শফিউদ্দিন শুক্রবার দুপুরে শাহ আলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন, যাতে অভিযানে আটক তিন জেএমবি সদস্যসহ ছাড়াও অজ্ঞাতপরিচয় সাত জনকে আসামি করা হয়।

পুরনো খবর:

জঙ্গি আস্তানায় অভিযান: সন্ত্রাসবিরোধী আইনে মামলা