জঙ্গি আস্তানায় অভিযান: সন্ত্রাসবিরোধী আইনে মামলা
ঢাকার মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তিন জেএমবি সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ছানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিবির পরিদর্শক মো. শফিউদ্দিন শুক্রবার দুপুরে শাহ আলী থানায় এই মামলা করেন। মামলা নম্বর ৩৬।
একদিন আগের ওই অভিযানে আটক তিন জেএমবি সদস্য ইলিয়াস, ওমর ফারুক ও মহসিন ছাড়াও অজ্ঞাতপরিচয় সাত জনকে মামলায় আসামি করা হয়েছে।
তবে ওই বাড়ি থেকে আটক বাকি চার জনকে এ মামলায় আসামি দেখানো হয়নি বলে জানান ছানোয়ার।
বুধবার মধ্যরাত ২টা থেকে মিরপুরের শাহ আলী থানার ৯ নম্বর রোডের ‘এ’ ব্লকের ওই বাড়িতে ‘জেএমবি আস্তানা’ রয়েছে খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।
১৪ ঘণ্টারও বেশি সময় ধরে চালানো অভিযানের পর ভবনটির ছয় তলার দুটি ফ্ল্যাট থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ‘গুরুত্বপূর্ণ’ সদস্যসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকার মিরপুরে বৃহস্পতিবার একটি ভবনে জেএমবির জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ ও র্যাযব।ছবি: আসিফ মাহমুদ অভি
জেএমবির ওই ‘আস্তানা’ থেকে ‘বিপুল পরিমাণ’ বিস্ফোরক ও ‘সুইসাইড ভেস্ট’ উদ্ধার করা হয় বলে পুলিশ কর্মকর্তারা জানান।
পুলিশের সঙ্গে র্যাব ও সোয়াট ইউনিটের সদস্যরাও এ অভিযানে অংশ নেন। অভিযানের আগে বাড়ির অন্য বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
বিকেল ৪টা পর্যন্ত চলা এ অভিযানে ওই ভবনের ফ্ল্যাটটি থেকে ‘জেএমবির জঙ্গিরা’ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এতে জানালার কাঁচ ভেঙে যায়।
পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের প্রধান ছানোয়ার হোসেন জানান, ছয়তলার পাশাপাশি দুটি ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়। একটি ফ্ল্যাট থেকে বিস্ফোরকসহ দুইজনকে আটক করা হয়। পাশের ফ্ল্যাট থেকে আটক করা হয় বাকি চার জনকে। তবে এদের বিস্তারিত পরিচয় এখনও জানায়নি পুলিশ।
এই চার জনের বিষয়ে আরও অনুসন্ধান চলানো হচ্ছে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।
অভিযানের সময়ই ছানোয়ার বলেছিলেন, আটকরা ওই ফ্ল্যাটে গ্রেনেড বানানোর কাজ করত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
