২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট স্থগিত: পুলিশের দুটি তদন্ত কমিটি

পৌরসভা নির্বাচনে কেন্দ্র স্থগিতের কারণ অনুসন্ধানে পুলিশ দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 09:08 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

ভোটের পরদিন বৃহস্পতিবার সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পৌরভোটে নরসিংদীর মাধবদীর পুরো পৌরসভায় ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া আরও ১৮টি পৌরসভার ৩৮টি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে নানা অনিয়মের অভিযোগে।

কুমিল্লার বরুড়া পৌরসভার একটি কেন্দ্র, চট্টগ্রামের চন্দনাইশের তিনটি কেন্দ্র এবং মাদারীপুরের কালকিনির দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের কারণ অনুসন্ধানে পুলিশ কমিটি গঠন করেছে।

বরুড়ার শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদ কেন্দ্র এবং চন্দনাইশের তিনটি কেন্দ্রে ভোট স্থগিতের কারণ অনুসন্ধানে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মাহাবুবর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্য সচিব হলেন চট্টগ্রাম আরআরএফের কমান্ডেন্ট মো. মাসুদ করিম এবং সদস্য থাকছেন পিবিআই চট্টগ্রামের পুলিশ সুপার মো. জুলফিকার আলী হায়দার।

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শফিকুল ইসলামকে আহ্বায়ক করে কালকিনির কাষ্টঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিতের কারণ অনুসন্ধানের কমিটিটি গঠন করা হয়।

এই কমিটির সদস্য সচিব পুলিশ সদর দপ্তরের এআইজি মো. আবুল কালাম সিদ্দিক, সদস্য থাকছেন পিবিআইর পুলিশ সুপার মোস্তফা কামাল।

কমিটি দুটিকে ভোট গ্রহণকে কেন্দ্র উদ্ভূত পরিস্থিতি সংক্রান্তে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদসসহ অন্যান্যদের দায়-দায়িত্ব নিরুপণ, ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যসহ অন্যান্য নির্বাচনী কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম ও ভূমিকা পর্যা‌লোচনা এবং গৃহীত নিরাপত্তা ব্যবস্থার মূল্যায়ন, সংশ্লিষ্ট জেলা পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকা ও গৃহীত নিরাপত্তা কার্যক্রম পর্যালোচনা এবং প্রাসঙ্গিক বিষয় অনুসন্ধান করতে বলা হয়েছে।

সাত দিনের মধ্যে উভয় কমিটিকে পূর্ণাঙ্গ অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

২৩৪ পৌরসভায় ভোটে আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্বটি ছিল পুলিশের উপর। কয়েকটি স্থানে গোলযোগের জন্য পুলিশের ‘বাড়াবাড়িকে’ দায়ী করেছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম।