২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগের সাফল্যের বছর: আইনমন্ত্রী

২০১৫ সালকে বিচার বিভাগের জন্য সাফল্যের বছর হিসাবে অভিহিত করলেন আইনমন্ত্রী আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 08:18 PM

Updated : 26 Oct 2023, 02:11 PM

এই বছরে তিন যুদ্ধাপরাধীর ফাঁসি, দ্রুততম সময়ে শিশু হত্যার বিচারের পাশাপাশি একজন ব্লগার হত্যার বিচার হয়েছে।

স্পর্শকাতর মামলাগুলোর বিচার দ্রুত করতে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ নেওয়ার বিষয়টি তুলে ধরে আনিসুল হক বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “সেই প্রত্যয় নিয়ে রাজন-রাকিব হত্যা মামলা শেষ করা হয়েছে। রাজীব হত্যার বিষয়ে আমি বলেছিলাম, নভেম্বরের মধ্যে শেষ করব। সেটা এখন শেষ হয়েছে।”

“আমরা মনে করি, এই বছরটা বিচারের ক্ষেত্রে দেশের বিরাট সাফল্যের বছর।”

তিনি বলেন, এই বিচার সম্পন্ন হওয়ার পর মানুষের হতাশা দূর হয়েছে এবং বিচার বিভাগের উপর  বহুলাংশে আস্থা বেড়েছে।

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর পূর্ণাঙ্গ রায় দেখে রিভিউর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী।

“সাঈদীর মামলার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সকালে বের হয়েছে, ৬১৪ পৃষ্ঠা। সেই রায় পড়ে সিদ্ধান্ত নিতে হবে, কোন কোন পয়েন্টে রিভিউ করা যাবে।”

তিনি বলেন, “যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের দণ্ড কার্যকরের বিষয়ে এ সরকার কোনো চাপে নতি স্বীকার করে নাই। ভবিষ্যতেও আমাদের কাছে এই সব ব্যাপারে যত চাপই আসুক না কেন, আমরা তাতে নতি স্বীকার করব না।”

যুদ্ধাপরাধের অভিযোগে দলের বিচার করার ক্ষেত্রে আইন সংশোধনে এত দেরি কেন হচ্ছে-জানতে চাইলে আনিসুল হক বলেন, “আমি আগেই বলেছি, ২০১৬ সালের মার্চ মাসের মধ্যে এই আইনটা সংসদে উঠানোর জন্য যা প্রক্রিয়া, তা সম্পন্ন করা হবে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “চাপের কারণে আইনটা করছি না-এমন অভিযোগ সত্য নয়। চাপ থাকুক বা না থাকুক, আমরা এই আইনটা সংশোধন করে যাতে সংগঠনের বিচার করা যায়, সেই উদ্যোগ নিয়েছি।”

১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার সম্ভব কি না-জানতে চাইলে এই আইনজীবী বলেন, “আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না।”