২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংরেজি মাধ্যমেও মুক্তিযুদ্ধের ইতিহাস চান প্রধানমন্ত্রী

দেশের ইংরেজি মাধ্যমের স্কুলের বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত করার ‘বিশেষ অনুরোধ’ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 04:17 PM

Updated : 22 Aug 2022, 02:25 PM

বৃহস্পতিবার গণভবনে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল হস্তান্তর এবং নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ অনুরোধ করেন।

“ইংলিশ মিডিয়ামে ইংরেজি যে বইগুলো সেখানে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা তুলে ধরা দরকার”, বলে বিশেষ অনুরোধ করেন শেখ হাসিনা।

বাংলা মাধ্যমের বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের বিজয়, এটা আমাদের গর্বের বিষয়। আমরা বাঙালি জাতি যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। ৯৬ হাজার পাকিস্তানি সেনাবাহিনী আমাদের কাছে স্যারেন্ডার করেছে।”

নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

প্রধানমন্ত্রী বলেন, “এই যে আমরা বিজয়ী জাতি- এই আত্মমর্যাদাবোধটা শিশুকাল থেকে থাকতে হবে। তাহলে, তাদের আত্মবিশ্বাস গড়ে উঠবে।

“তারা দেশকে ভালোবাসবে, দেশের জন্য কাজ করতে পারবে।”  

এসময় শিক্ষার্থী ঝড়ে পড়া বন্ধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজ উদ্যোগে তহবিল গঠনের আহ্বান শেখ হাসিনা।

এজন্য প্রতিটি এলাকার বিত্তশালী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাবেক শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের এক কোটি ২৮ লাখ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “প্রতিটি ছেলে-মেয়েকে শিক্ষা নিতে হবে। সে সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি।”  

শেখ হাসিনা বলেন, “আমাদের ছেলে-মেয়েদের মেধা রয়েছে। তাদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দেওয়াই আমাদের লক্ষ্য।”