পে-স্কেল পুনর্গঠনের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি
অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবিতে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের চিকিৎসকরা এক ঘণ্টার এই কর্মবিরতি পালন করেন।
বুধবারও একই দাবিতে কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ জেড এম সাখাওয়াত হোসেন।
এর মধ্যে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালসহ চিকিৎসকদের সব দাবি মেনে না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন তিনি।
সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলে ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই চিকিৎসক বলেন, "অষ্টম জাতীয় বেতন স্কেলে টাকা আছে কিন্তু সামাজিক মর্যাদা নেই।"
২০টি গ্রেডের মধ্যে সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন মূল বেতন ৮২৫০ টাকা ধরে গত ১৫ ডিসেম্বর অষ্টম বেতন কাঠামোর গেজেট প্রকাশ করে সরকার।
নতুন স্কেলের এই ২০টি গ্রেডের বাইরে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও এদের সমমর্যাদার পদের বেতন ৮৬ হাজার টাকা এবং জ্যেষ্ঠ সচিব ও সমমর্যাদার পদের বেতন ৮২ হাজার টাকা নির্ধারিত করা হয়।
টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার পর পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এনিয়ে আপত্তি জানিয়ে আন্দোলনে নামে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরোধিতার পর সরকারি কলেজের শিক্ষকরাও আন্দোলনের কর্মসূচি দেয়।
শিক্ষকদের জন্য বেতন কাঠামো পর্যালোচনায় একটি কমিটি হলেও তার কোনো সুরাহা না হওয়ার মধ্যে নতুন স্কেলের গেজেট প্রকাশ করা হয়।
গেজেট প্রকাশের এক সপ্তাহের মধ্যে বেতন স্কেলে "যথাযথ মূল্যায়ন' করা হয়নি অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও আন্দোলনে নামে।
এরপর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আহ্বানে ২৭ শে ডিসেম্বর থেকে এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছে সরকারি মেডিকেল কলেজগুলোর চিকিৎসকরা।
মঙ্গলবারের কর্মবিরতির সময়ে জরুরি বিভাগের কোনো চিকিৎসক কর্মবিরতিতে ছিলেন না বলে জানান মিটফোর্ড হাসপাতালের উপ-পরিচালক আব্দুল মজিদ।
তবে কর্মবিরতির কারণে বর্হিবিভাগ ও হাসপাতালে রোগীদের 'কিছুটা সমস্যা' হয়েছে বলে স্বীকার করেন তিনি।
