কর্মবিরতির কর্মসূচি সরকারি কলেজের শিক্ষকদের
অষ্টম বেতন কাঠামোতে সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে ‘প্রতারণা করা হয়েছে’ অভিযোগ করে দুই দিনের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকরা।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্যানারে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি নাসরীন বেগম এই কর্মসূচি ঘোষণা করেন।
শিক্ষা ক্যাডারের বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবি তুলে ধরে তিনি বলেন, “সরকার আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে আগামী ৪ ও ৫ জানুয়ারি সরকারি কলেজের শিক্ষকরা পরীক্ষা বর্জনসহ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন।”
নতুন বেতন কাঠামোতে অধ্যাপকদের পদমর্যাদা ও বেতনক্রমের অবনমন করা হয়েছে অভিযোগ করে নাসরীন বলেন, সরকারের এ ব্যবস্থা ‘সাংবিধানিক মৌলিক অধিকার ক্ষুণ্ন করার সামিল’।
তিনি বলেন, অন্য ক্যাডারের কর্মকর্তাদের পঞ্চম থেকে সরাসরি তৃতীয় গ্রেডে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু শিক্ষা ক্যাডারের পঞ্চম গ্রেডের সহযোগী অধ্যাপকরা পদোন্নতি পেয়ে চতুর্থ গ্রেডে অধ্যাপক হতেন। চতুর্থ গ্রেডের অধ্যাপকদের অর্ধেক সিলেকশন গ্রেড পেয়ে তৃতীয় গ্রেড পেতেন।
“নতুন বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড বাতিলের ফলে অধ্যাপকদের চতুর্থ গ্রেড থেকেই অবসরে যেতে হবে। ফলে মর্যাদা ছাড়াও বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা।”
বেতন কাঠামো চূড়ান্তের আগে অর্থ সচিবের সঙ্গে শিক্ষকদের সভা হয়েছিল জানিয়ে নাসরীন বলেন, “শিক্ষা ক্যাডারের বৈষম্য নিরসনে সচিব আমাদের আশ্বস্ত করেছিলেন। কিন্তু বেতন কাঠামোর গেজেটে কোনো দিক নির্দেশনা নেই। আমাদের সাথে রীতিমত প্রতারণা করা হয়েছে।”
মন্ত্রিসভায় অনুমোদনের তিন মাস পর গত মঙ্গলবার সরকার অষ্টম বেতন কাঠামোর গেজেট প্রকাশ করে। দেশের ২১ লাখ সরকারি কর্মী জানুয়ারির শুরুতে নতুন কাঠামোয় তাদের ডিসেম্বর মাসের বেতন তুলবেন।
অন্য ক্যাডারের কর্মকর্তাদের মতো ১ জুলাই থেকেই পঞ্চম গ্রেডের সহযোগী অধ্যাপকদের অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়ে তৃতীয় গ্রেডের বেতন দিতে সরকারি আদেশ জারির দাবি জানান নাসরীন।
নায়েম মহাপরিচালক, এনসিটিবি চেয়ারম্যান, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং জেলা সদরের অনার্স ও মাস্টার্স কলেজের অধ্যক্ষের পদকেও গ্রেড-১ এ উন্নীত করার দাবি জানান তিনি।
এছাড়া মাউশি, নায়েম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক; অনার্স/মাস্টার্স কলেজের উপাধ্যক্ষ, শিক্ষা বোর্ডের সচিব এবং এনসিটিবির সদস্যদের পদকে দ্বিতীয় গ্রেডে উন্নীতের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
অনার্স ও মাস্টার্স রয়েছে এমন বিভাগে দ্বিতীয় গ্রেডের একজন জ্যেষ্ঠ অধ্যাপকের পদ সৃষ্টি, ব্যাচভিত্তিক পদোন্নতি এবং বিকল্প ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার দাবি জানান নাসরীন বেগম।
তিনি বলেন, এসব দাবি বাস্তবায়নে সরকার পদক্ষেপ না নিলে দুই দিন কর্মবিরতি পালনের পর ২২ জানুয়ারি ঢাকায় সমিতির সাধারণ সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সমিতির সাধারণ সম্পাদক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, “দাবি বাস্তবায়ন না হলে সাধারণ সভায় শিক্ষকরা যে পথে হাঁটতে বলবেন- আমরা সে পথেই হাঁটব।”
শিক্ষকদের দাবির বিষয়ে ২৩ ডিসেম্বর শিক্ষা সচিব এবং ২৪ ডিসেম্বর শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বলে জানান তিনি।
