২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন কাঠামোতে অসন্তোষ: কেন্দ্রীয় ব্যাংকে বিক্ষোভ

নতুন বেতন কাঠামোতে যথাযথ মূল্যায়ন না হওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 06:29 PM

Updated : 22 Aug 2022, 02:19 PM

মঙ্গলবার দুপুরে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বিক্ষোভের পর বিকালে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য তুলে ধরে।

সরকারি চাকুরেদের অষ্টম বেতন কাঠামোর গেজেট প্রকাশের এক সপ্তাহ বাদে তা নিয়ে অসন্তোষ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা কর্মসূচিতে নামল।

সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের সংগঠনের সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা বলেন, “সরকার যে বেতন স্কেল ঘোষণা করেছে তাতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি বলেন, ২০০৯ সালের সপ্তম বেন কাঠামোতে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকরা বিসিএস ক্যাডার ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে একই গ্রেডে থাকলেও এবার তাদের এক ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে।

“সরকার এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের হেয় করেছে। আমরা বেতন চাই না, সম্মান চাই। যে অবস্থান আগে ছিল, এখনও সেটি থাকতে হবে,” বলেন সিদ্দিকুর।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের পদ-পদবি নিয়ে নতুন বেতন কাঠামো চূড়ান্ত হওয়ার আগেই প্রতিবাদ জানিয়েছিল, তবে ব্যাংক কর্মকর্তাদের কোনো আপত্তি তখন দেখা যায়নি।

বেতন কাঠামো চূড়ান্ত হওয়ার পর কেন আপত্তি- প্রশ্ন করা হলে ছিদ্দিকুর বলেন, “আমাদের আশা ছিল, বাংলাদেশ ব্যাংকের জন্য সরকার স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করবে।

“বেতন কমিশনের প্রস্তাবেও কেন্দ্রীয় ব্যাংকের স্বতন্ত্র বেতন কাঠামোর সুপারিশ করা হয়েছিল। সে কারণে আমমরা কোনো প্রতিবাদ তখন করিনি।”

সংবাদ সম্মেলনে আরও দুটি দাবিও জানানো হয় বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের পক্ষ থেকে।

সেগুলো হচ্ছে- বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদ নির্বাহী পরিচালক পদটিকে প্রথম গ্রেডে উন্নীত করা এবং কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংককে গেজেটে আলাদাভাবে স্থান দেওয়া।

বাংলাদেশ ব্যাংক মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায়ে বুধবার তারা প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেবেন।

অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, এরপর ২৭ ডিসেম্বর সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কালোব্যাজ ধারণের কর্মসূচি রয়েছে তাদের।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ‘যথাযথ মূল্যায়ন’ করা না হলে আগামী ৫ থেকে ১০ বছর পর এটি দুর্বল কেন্দ্রীয় ব্যাংকে পরিণত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

“কারণ মেধাবীরা এই প্রতিষ্ঠানে যোগদানে আগ্রহ হারাবে। আবার অনেক মেধাবী কর্মকর্তা প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবেন। ফলে দেশের আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হবে।”