২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌরসভায় হারলে আকাশ ভেঙে পড়বে না: কাদের

পৌরসভা নির্বাচন সুষ্ঠু করতে সরকার নির্বাচন কমিশনকে সব সহযোগিতা করছে মন্তব্য করে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, এই নির্বাচনে হেরে গেলে সরকারের উপর ‘আকাশ ভেঙে পড়বে না’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 02:53 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

মঙ্গলবার সচিবালয়ে নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গত সরকারের মেয়াদে আধা ডজন সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজয়ের পরের পরিস্থিতি মনে করিয়ে দেন দলটির সভাপতিমণ্ডলীর এই সদস্য। 

তিনি বলেন, “একসঙ্গে ৭-৮টি সিটি করপোরেশনে যখন আমরা হেরেছিলাম তখন কিন্তু সরকারের উপর আকাশ ভেঙে পড়েনি। এখন স্থানীয় সরকারের একটা আংশিক নির্বাচন, আরও ৮৯টা রয়ে গেছে, এই ইলেকশনে হেরে গেলেও সরকারের উপর আকাশ ভেঙে পড়বে এমন তো কোনো বিষয় নয়। সরকারের পতনও হবে না।”

বুধবার দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো আয়োজিত দলভিত্তিক ভোট সামনে রেখে সরকারের লোকজন অন্য দলের প্রার্থী ও তাদের কর্মীদের নানাভাবে বাধা দিচ্ছে বলে বিএনপি অভিযোগ করে এলেও সরকার ভোটে ‘কোনো ধরনের হস্তক্ষেপ করবে না’ বলে আশ্বাস দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “আমরা কেন দেশে-বিদেশে আমাদের ইমেজ ক্ষুণ্ন করতে যাব?”

মন্ত্রীর ভাষায়, পৌর নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে ‘টুকটাক সমস্যা’ হলেও এ পর্যন্ত কোনো ‘মেজর ট্র্যাজিক ইনসিডেন্ট’ ঘটেনি।

“স্থানীয়ভাবে অনেক সময় অনেক কিছু কন্ট্রোলে থাকে না। কিন্তু আমরা চেষ্টা করছি- তা যেন নিয়ন্ত্রণে রাখা যায়, নির্বাচন নিয়ে সরকার কোনো বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে।”

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে ইসিকে যতটুকু সহযোগিতা-সমর্থন করা দরকার- তা ‘দেওয়া হচ্ছে এবং শেষ পর্যন্ত দেওয়া হবে’ বলে তিনি আশ্বাস দেন।

কাদের বলেন, আওয়ামী লীগ কর্মীরা যেন ‘উসকানিমূলক কোনো আচরণ’ না করে- সে বিষয়ে দলনেত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নির্দেশনা দিয়েছেন।

তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী এলাকায় বিধি লঙ্ঘনে এ পর্যন্ত শতাধিক প্রার্থী-সমর্থকদের জরিমানাসহ নির্বাচন কমিশন ইতোমধ্যে ছয়জন সাংসদকেও সতর্ক করে নোটিস দিয়েছে। সেইসঙ্গে রিটার্নিং কর্মকর্তারা স্থানীয়ভাবে অন্তত এক ডজন প্রার্থীকে কারণ দর্শাতে বলেছেন।

এছাড়া পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ ওঠায় দুজন রিটার্নিং কর্মকর্তাকে বদলি ও সাতজন ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

এ অবস্থায় সুষ্ঠুভাবে ভোট আয়োজন নিয়ে আওয়ামী লীগে ‘স্বস্তি’ থাকলেও বিএনপি ও জাতীয় পার্টি শঙ্কা প্রকাশ করে আসছে।

ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচন কমিশনে এসে বলেছে- বিদ্যমান ভোটের পরিস্থিতি ‘ভালোই’ রয়েছে। তবে ক্ষমতাসীনদের প্রতি ইসি ‘নির্দয় আচরণ’ করছে।

অন্যদিকে বিএনপির প্রতিনিধিরাও রোববার সিইসির সঙ্গে দেখা করে বলেছেন, পরিস্থিতির ‘অবনতি’ হচ্ছে। ভোটের সুষ্ঠু পরিবেশ ইসিকেই নিশ্চিত করতে হবে।

সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, "নির্বাচন কমিশনের অবস্থা এমন, একুল-ওকুল দুইদিক থেকেই অভিযোগের সম্মুখীন হয়। বিরোধীদল তো অভিযোগ করেই, এখন বিএনপি বড় দল, তারাও অভিযোগ করছে।

'নালিশ করাটা বিএনপির পুরানো অভ্যাস, তারা কথায় কথায় নালিশ করে' করে বলে মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।

"এর আগেও কয়েকটা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদিনই তাদের নালিশ ছিল নির্বাচন সুষ্ঠু-নিরপক্ষে হবে না। সরকারি দল দখল করবে, তাদের হাজার হাজার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শেষ পর্যন্ত ওইসব নির্বাচনে তারাই বিজয়ী হল,” বলেন কাদের।

নির্বাচনের দিন বিকাল পর্যন্ত বিএনপির নালিশ শুনতে হবে মন্তব্য করে মন্ত্রী বলেন, "বিরোধীরা সব সময়ই এসব অভিযোগ আনে, এটা পুরান-গদবাঁধা কথা।

“আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনটা নিরপক্ষে করা, নির্বাচনের পরিবেশ ভাল রাখা সেই চেষ্টা আমরা করে যাচ্ছি।”

সরকারের কাছে নির্বাচন কমিশন যে সহযোগিতা চাইবে সরকার তা দেবে বলেও জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের।

“আমাদের নেতাকর্মীদের সরকারি দল হিসেবে ধৈর্য্য ধারণের অনুরোধ করব। যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।”

কাদের বলেন, সরকারি দল হিসেবে আমাদের বেশি ধৈর্য্য ধরতে হবে, সহিষ্ণুতা দেখাতে হবে। দলীয়ভাবে প্রথম নির্বাচন হচ্ছে, এই নির্বাচন ভাল হোক সরকার তা চায়।

ঢাকার দুই সিটি নির্বাচনে বিশৃঙ্খলা নিয়ে কাদের বলেন, "একেকটা নির্বাচন হয়ে গেলে আরেকটা নির্বাচনের জন্য কিছু শিক্ষা রেখে যায়। পুরনো নির্বাচনের বিশৃঙ্খলার বিষয়গুলো যেন পুনরাবৃত্তি না হয় আমরা সে ব্যাপারে সচেতন।"

পুরনো খবর:

ফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে অবস্থান: বিএনপি
আসুন উৎসবমুখর ভোট করি, বিএনপিকে আশরাফ
পৌর ভোট: শেষ প্রচারে ভোটারের দুয়ারে প্রার্থীরা
শেষ প্রচারে ‘পরিস্থিতি’ আরও ভালোর আশা সিইসির
পৌর ভোট: এক তৃতীয়াংশ কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ”