শেষ প্রচারে ‘পরিস্থিতি’ আরও ভালোর আশা সিইসির
পৌর ভোট সংক্রান্ত মারপিট ও বিধি লঙ্ঘন সামলাতে বিচারিক হাকিমের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মাঠে নামছে জানিয়ে প্রচারের শেষ দিন পরিস্থিতি আরও ভালো থাকবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার।
ভোটের দুই দিন আগে রোববার সন্ধ্যায় ঢাকার শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় এ আশার কথা শোনান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ।
দেশের ৩২৩ পৌরসভার মধ্যে ২৩৪টিতে ৩০ ডিসেম্বর বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এসব নির্বাচনী এলাকায় সোমবার মধ্যরাতে শেষ হবে প্রচার।
নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ হাজারের বেশি প্রার্থী এবং ৭০ লাখের বেশি ভোটার রয়েছে।
স্থানীয় সরকারের এই নির্বাচনে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে মেয়র পদে লড়াই হচ্ছে।
ভোটের মাঠের শেষ মুহূর্তের পরিস্থিতি তুলে ধরে সিইসি সাংবাদিকদের বলেন, “বেশ কিছু জায়গায় মারপিট হয়েছে; অনেক প্রার্থীও আহত হয়েছে আমরা দেখেছি। আবার অনেক জায়গায় হৃদ্যতা ও শান্তিপূর্ণ পরিবেশে আছে।”
এসময় যেসব জায়গায় ‘ভালো পরিবেশ’ আছে সেখানকার ‘পরিস্থিতি অনুসরণের’ জন্য ‘মারপিটকারীদের’ প্রতি আহ্বান জানান তিনি।
পরিস্থিতি সামলাতে ইসির প্রচেষ্টার কথাও তুলে ধরেন কাজী রকিব।
“পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নির্বাহী হাকিমের সংখ্যা বাড়াব, এর সঙ্গে যোগ হবে বিচারিক হাকিম, তারাও পরিস্থিতি দেখবেন। সোমবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো থাকবেই। আশা করছি, শেষ দিন পরিস্থিতি আরও ভালো থাকবে।”
ভোটের পরিবেশের ‘অবনতি’ হয়েছে বলে বিএনপি যে অভিযোগ তুলেছে সে বিষয়ে জানতে চাইলে ইসির ‘অ্যাকশন’ তুলে ধরে সিইসি বলেন, “আমরা প্রতিনিয়ত নির্বাচনী পরিবেশ নিয়ে পর্যালোচনা করছি; অ্যাকশানও নিচ্ছি।
“আমরা বেশ কয়েকজন ওসিকে বদল করেছি, রিটার্নিং কর্মকর্তা বদলিয়েছি। পরিবেশের উন্নতির জন্য মাঠে নির্বাহী হাকিম মোতায়েন করেছি।”
তিনি জানান, নির্বাহী হাকিমরা অনেক জায়গায় জরিমানানহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। পরিস্থিতির উন্নতি করার চেষ্টা করছে। এতে কাজ হচ্ছে। অনেকে বিধি লঙ্ঘন থেকে বিরত থাকছে।
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে মনে করেন কিনা- জানতে চাইলে কাজী রকিব বলেন, “নিশ্চয়ই, আপনারা দেখাচ্ছেন। … সবাইকে অনুরোধ করব, যেসব জায়গায় ভালো পরিবেশ আছে তাদের ফলো করুন। আপনাদের এলাকার পরিবেশ উন্নত করুন।”
ভোটে কেউ অন্যায় করলে আদালতে যাওয়ার পরামর্শও দেন তিনি।
“কেউ অন্যায়ভাবে নির্বাচনে জিতলে তার বিরুদ্ধে কোর্টে মামলা ও আপিল করা যাবে।”
কিছু সংস্থা নিয়ে আপত্তি বিএনপির
বিএনপি প্রতিনিধি দল ইসিতে গিয়ে কোনো পর্যবেক্ষক সংস্থার বিরুদ্ধে আপত্তি করেনি দাবি করলেও সিইসি জানিয়েছেন, তারাও কিছু সংস্থার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।
রোববার বিকালে আবদুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে।
পরে কাজী রকিব বলেন, “আমরা দুই দলের (আওয়ামী লীগ-বিএনপি) কাছ থেকে তালিকা পেয়েছি। কিছু পর্যবেক্ষক সংস্থার বিরুদ্ধে তাদের আপত্তি আছে। সেগুলো যাচাই-বাছাই করছি, কমিশনে এ নিয়ে সিদ্ধন্ত হবে।”
কমিশন নিরপেক্ষ সংস্থাগুলোকে নিবন্ধন দিয়েছে জানিয়ে সিইসি বলেন, “আমরা জানি, সব সংস্থা নিরপেক্ষ। তারা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নন, সম্পৃক্ত হলে পযবেক্ষক হতে পারবে না।”
ঘোষিত তফসিল অনুসারে ৩০ ডিসেম্বর ২৩৬ পৌরসভায় ভোট হওয়ার কথা ছিল।
সিঙ্গাইর পৌরসভার নির্বাচন পিছিয়েছে এবং মংলার নির্বাচন স্থগিত রয়েছে। সিঙ্গাইরে ভোট হওয়ার কথা রয়েছে ৭ জানুয়ারি।
