২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের সন্তানদের জন্য স্কুলে কোটা রাখার সুপারিশ

দেশের স্কুল-কলেজে প্রবাসী কর্মীদের সন্তানের ভর্তির জন্য মেধাভিত্তিক কোটা রাখতে নীতিমালায় সংশোধন আনার প্রস্তাব দিয়েছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 05:27 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি আফছারুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রবাসীদের সন্তানদের জন্য মেধাভিত্তিক কোটা রাখতে হলে নীতিমালা সংশোধন করতে হবে। কমিটি মন্ত্রণালয়কে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব আনার জন্য বলেছে। ওই প্রস্তাব এলে কমিটি সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ করবে।”

“প্রবাসী কর্মীদের সন্তানদের মধ্যে যারা মেধাবী তাদের জন্য এই কোটা রাখার ব্যাপারে মতামত এসেছে। আমরা মন্ত্রণালয়কে এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার জন্য বলেছি।”

কমিটির সভাপতি আরও বলেন, “প্রবাসী বলতে কাদের বোঝানো হবে সেটাও নির্দিষ্ট করতে হবে। কমিটি প্রাথমিকভাবে দেশে রেমিটেন্স পাঠানো প্রবাসী কর্মীদের বিষয়টি অগ্রাধিকার দিতে বলেছে।”

এদিকে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যক্রম অনুযায়ী ‘বাৎসরিক পাঠদান রুটিন’ প্রণয়ন করার সুপারিশ করেছে একই কমিটি।

আগামী তিন মাসের ‘বাৎসরিক পাঠদান রুটিন’ কমিটির আগামী বৈঠকে আনার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে আফছারুল আমীন বলেন, “এনসিটিবি সিলেবাস তৈরি করে দিচ্ছে। কিন্তু সেই সিলেবাস অনুযায়ী কীভাবে পাঠদান হচ্ছে সেটা সুপারভিশনে থাকা দরকার।”

“এনসিটিবির হিসাব মতে বছরে ১৮৪ দিন ক্লাস হয়। ওই ১৮৪ দিন হিসাব করেই তারা সিলেবাস দেয়। কমিটি বলেছে ওই ১৮৪ দিনের কোন দিন, কোন শিক্ষক, কোন পিরিয়ডে, কোন বিষয়ের, কোন অধ্যায় পড়াবেন সেটার চার্ট তৈরি করতে হবে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মুখে মুখেতো সিলেবাস শেষ করে দেওয়া যায়। কিন্তু কার্যকর অর্থে সেটা শেষ হচ্ছে কিনা এটা জানা দরকার।”

ওই ‘চার্ট’ অভিভাবকদের কাছে সরবরাহ করার জন্য সুপারিশ করা হয়েছে বলেও জানান এই সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।

এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ক্যাম্পাস মামলা মোকদ্দমা জড়িত বিতর্কিত একটি স্থানে কীভাবে অনুমোদন পেল তা শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে আগামী বৈঠকে তথ্যপ্রমানসহ উপস্থাপন করার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে অন্যদের মধ্যে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মোহাম্মদ হাছান মাহমুদ, মো. ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, মোহাম্মদ মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু অংশ নেন।