২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর ভোট: জঙ্গি হুমকি নিয়ে থাকবে বিশেষ সতর্কতা

জঙ্গি তৎপরতার সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে পৌরসভার ভোটে রংপুর ও রাজশাহী বিভাগকে গুরুত্ব দিয়ে দেশের নির্বাচনী পৌর এলাকায় সোমবার আইন-শৃঙ্খলাবাহিনী নামছে।

মঈনুল হক চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 01:55 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

এবিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক পরিপত্র জারি করবে বলে কমিশনের উপসচিব সামসুল আলম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্বরাষ্ট্র সচিবের পাঠানো ভেটিং করা পরিপত্রে কমিশনের নির্দেশনাগুলোই বহাল রাখা হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন তা অনুমোদনও করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খানের স্বাক্ষর করা ওই নির্দেশনার একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে।

তাতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে জঙ্গি তৎপরতার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগে বিশেষ দৃষ্টি রাখতে হবে। বিভিন্ন সমাবেশ, পথসভা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আইন-শৃঙ্খলাবাহিনীকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

“জঙ্গি তৎপরতা রোধে আইন-শৃঙ্খলাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে আরও তৎপর হতে হবে।”

নির্দেশনায় সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা ও ভোট দেওয়া নিশ্চিত করতে এবং বহিরাগতদের সমাগম বন্ধে পুলিশের চেকপোস্ট স্থাপন করতে বলা হয়েছে।

ভোটের প্রচার শেষ হচ্ছে সোমবার রাত ১২টায়; দুদিন অপেক্ষার পর ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভার সাড়ে তিন হাজার কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এসব ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকছে ৭০ হাজারেরও বেশি নিরাপত্তা সদস্য।

এছাড়াও স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স হিসেবে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা টহলে থাকবে।

কমিশনের উপসচিব সামসুল বলেন, “পৌরসভাগুলোতে ব্যালট পেপার পৌঁছে গেছে, প্রচারণাও শেষ পর্যায়ে। ভোটের জন্য অপেক্ষমান জনগণকে শান্তিপূর্ণ পরিবেশ দিতে মাঠে নামছে আইন-শৃঙ্খলাবাহিনী। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট বাহিনী বিশেষ ব্যবস্থা নেবে।”

এর মধ্যে সংশ্লিষ্ট বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কাছে আইন-শৃঙ্খলাসভার সিদ্ধান্ত পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

১৯ ডিসেম্বর পৌরসভা নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এই সভা করে নির্বাচন কমিশন।

উত্তরবঙ্গে ‘জঙ্গি তৎপরতা’ নিয়ে উদ্বেগ

প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত ওই সভার কার্যবিবরণীতে দেখা যায়, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি জঙ্গি হামলার বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন।

তিনি বলেন, “সার্বিক পরিস্থিতি ভালো থাকলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে- এমন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বর্তমানে উল্লেখযোগ্য ‘থ্রেট’ হল- সাম্প্রতিক সময়ের জঙ্গি তৎপরতা। বিশেষ করে উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগে জঙ্গি হামলার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।”

ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে স্থানীয় পর্যায়ে উত্তেজনা বাড়বে এবং কিছু ক্ষেত্রে সমস্যাও সৃষ্টি হবে বলে জানান এই কর্মকর্তা।

সভায় ডিজিএফআইয়ের পরিচালক বলেন, এখন পরিস্থিতি ভালো হলেও দলীয় অন্তর্কোন্দলে সহিংসতা বাড়তে পারে। কালো টাকা, পলাতক আসামি ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য বাড়তে পারে। সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করতে হবে।

অতীতে ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ও বাক্স ছিনতাই হওয়ার কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার সভায় বলেন, “এজন্য ভোটকেন্দ্র বন্ধ করতে হয়েছে। এতে সময় ও প্রচুর অর্থ ব্যয় হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত। এটি আমাদের ব্যর্থতা।”

কেন্দ্র দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলাবাহিনীকে নির্দেশনা দিয়ে তিনি বলেন, “বেআইনি অস্ত্র ও সন্ত্রাসীদের ধরতে হবে, যাতে জনগণ ‍আশ্বস্ত হয়।

“জঙ্গি তৎপরতার বিষয়ে নজর রাখতে হবে। জনসমাবেশ যাতে জঙ্গি হামলার টার্গেট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।”

বহিরাগত অবস্থান ও অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ

২৮ ডিসেম্বর রাত ১২টার আগেই বহিরাগতদের (যারা ভোটার বা বাসিন্দা নন) নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ থাকবে ওই পরিপত্রে।

সন্ত্রাসী-ক্যাডারদের গ্রেপ্তার ও ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেবে প্রশাসন ও পুলিশ।

ভোটের দুদিন আগে থেকে পরবর্তী চার দিন বৈধ লাইসেন্সধারীদেরও অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ থাকবে।

কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, ৩০ ডিসেম্বর ২৩৬ পৌরসভায় ভোটের জন্য তফসিল হলেও আদালতের আদেশে দুটিতে এখন ভোট হচ্ছে না।

পুরনো খবর:

পৌর ভোট: এক তৃতীয়াংশ কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ”
সন্ত্রাসী ধরতে অভিযানের সুপারিশ, তালিকায় শীর্ষে বিএনপি
পৌর ভোট: প্রস্তুতি গুছিয়ে এনেছে ইসি