২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর ভোট: প্রস্তুতি গুছিয়ে এনেছে ইসি

ভোটের দিন ঘনিয়ে আসায় প্রার্থীরা সারছেন শেষ মুহূর্তের প্রচারণা; আর যাবতীয় প্রস্তুতির শেষ ধাপ নিয়ে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 07:05 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

কমিশন জানিয়েছে, ব্যালট পৌঁছে গেছে জেলাগুলোতে। রোববারের মধ্যে ২৩৪ পৌর সভার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে যাবে। পাশাপাশি রোববার মধ্য রাত থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইলে চলাচলে আরোপ হবে নিষধাজ্ঞা।

এছাড়া নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ করতে সোমবার থেকে মাঠে নামবে আইন শৃঙ্খলাবাহিনী।

৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় অনুষ্ঠেয় মেয়র, সাধারণ ও সংরক্ষিত পদে ১২ হাজার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। এর আগে ২৮ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত প্রচার চালিয়ে যেতে পারবেন তারা।

প্রথমবারের মতো দলীয়ভাবে পৌর নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দলের ছয় শতাধিক প্রার্থী রয়েছেন মেয়র পদে।

তবে স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর পদে ভোট হবে নির্দলীয়ভাবে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাঠ পর্যায়ে নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত যেসব কার্যক্রম করতে হবে তার বিস্তারিত নির্দেশনাসহ ১২টি পরিপত্র দেওয়া শেষ হয়েছে। এখন রিটার্নিং কর্মকর্তারা নিরাপত্তা নিশ্চিত করে ভোটের আয়োজন শেষ করবে।

“বিধিলঙ্ঘন, অভিযোগসহ যেসব বিষয়ে মাঠ কর্মকর্তারা ইসির নির্দেশনা চাইবে সে বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি। সার্বিক বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া রয়েছে।”

প্রচারের শেষ সময়ে বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এই কর্মকর্তা বলেন, “সোমবার রাত ১২টা থেকে কোনো প্রচারণা থাকবে না। বলা যায় আর ৪৮ ঘণ্টা পর ভোটের জন্য প্রস্তুত হবে মাঠ কর্মকর্তারা। এখন ৩০ ডিসেম্বরের অপেক্ষা।”

৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব পৌরসভায় ভোট হবে।

ব্যালট পেপার বিতরণের তদারকিতে থাকা ইসির উপ সচিব সাজাহান খান জানান, শনিবার পৌর নির্বাচনের দুই কোটি ১০ লাখের বেশি ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী ঢাকা থেকে সব পৌরসভায় পাঠানো হয়েছে। রোববারের মধ্যে সংশ্লিষ্ট জেলার সব পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা বা তাদের প্রতিনিধিরা এগুলো নিয়ে যাবেন।

এদিকে ২৩৪ পৌরসভার মধ্যে অন্তত ছয় পৌরসভায় মেয়র পদে, সাধারণ কাউন্সিলর পদে ৯৪ জন ও সংরক্ষিত মেয়র পদে ৪০ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উপ সচিব সামসুল আলম বলেন, “চাঁদপুরের ছেংগারচরের মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা রয়েছে। কাল এ বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি। শুধু একটি মেয়র পদ ও কিছু পৌরসভার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পদ ছাড়া ২৩৪ পৌরসভার ব্যালট পেপার পাঠানো হয়েছে।”

৬৫ হাজার ভোটগ্রহণ কর্মকর্তা প্রস্তুত

নির্বাচনকে সামনে রেখে সাড়ে তিন হাজার ভোটকেন্দ্রের জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার মিলিয়ে ৬৫ হাজারের বেশি ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল চূড়ান্ত হয়েছে।

জানতে চাইলে ইসির উপ সচিব সামসুল আলম বলেন, “ভোটগ্রহণ কর্মকর্তাদেরও প্রশিক্ষণ শেষ হচ্ছে রোববার। এলাকায় কোনো ভোটগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এলে তা তদন্ত করে প্রয়োজনে বাদ দেবে রিটার্নিং কর্মকর্তা।”

ইতোমধ্যে মাদারীপুরের শিবচরে অভিযুক্ত কিছু ভোটগ্রহণ কর্মকর্তাকে প্যানেল থেকে বাদও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এসব কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ৪ কোটি ২২ লাখ ২৬ হাজার ৬৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শ’খানেক প্রার্থী-সমর্থককে জরিমানা

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, তফসিল ঘোষণা পরবর্তী একমাসে নির্বাচন কমিশন ৭৮টি অভিযোগের বিষয়ে মাঠ কর্মকর্তাদের তদন্ত করতে বললেও অধিকাংশেরই প্রতিবেদন এখনও আসেনি।

তবে ইসি স্বউদ্যোগে চার জন সরকারদলীয় সাংসদকে শোকজ ও সতর্ক করেছে।

ইসির একজন কর্মকর্তা জানান, পৌর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে শ’খানে প্রতিবেদন এসেছে। এরমধ্যে তিন হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।

সব মিলিয়ে জরিমানার পরিমাণ ৫ লাখের বেশি হবে না বলে জানান ওই কর্মকর্তা।