২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরার বাসায় গৃহবধূর ঝুলন্ত লাশ

ঢাকার ডেমরার এক বাসায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে; পরিবার বলছে, ‘মানসিক ভারসাম্যহীন’ ওই নারী আত্মহত্যা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 12:44 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

শনিবার রাত ১২টার দিকে ডেমরার কোনাপাড়া থেকে বিউটি আক্তার (৫০) নামের ওই নারীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তার ছেলে মুন্না।

মুন্নার বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে বাসায় এক ঘরে বিউটি আর তার ছোট মেয়ে ছিল। পরে বিউটিকে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন তার ছেলে।”

মুন্না তার মাকে হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতাল ফাঁড়ির পুলিশ ডেমরা থানায় খবর দেয়।

পরিদর্শক সিরাজ বলেন, বিউটি ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন বলে তার ছেলে থানায় জানিয়েছেন।

“প্রাথমিক আলামত দেখে বিষয়টি আত্মহত্যা বলেই মনে হয়েছে। পরিবার ময়নাতদন্ত ছাড়াই বিউটির লাশ নিয়ে যাওয়ার আবেদন করেছে,” বলেন তিনি।