রাজধানীতে গাছে বাসের ধাক্কা, আহত ১১
রাজধানীর হাই কোর্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক বাসের অন্তত ১১ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার দুপুরের দিকে এ দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, আহতদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য।
এরা হলেন- নাছিমা রহমান (৪০) এবং তার দুই সন্তান মিথিলা (২২) ও মিশাল (১৯)।
আহত বাকিরা হলেন- মুন্নি বেগম (৩৫), সিমি (৮), হাবিব (৩০), কাইয়ুম (২০), কালাম (২০), জোৎস্না (৪০), ফজিলা (৬০) ও কুলুসম (২০)।
বাসযাত্রীদের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরঘাট থেকে ছেড়ে আসা বাসটি নিয়ন্ত্রণ হারালে চালক সেটিকে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে যাত্রীরা আহত হন।
