২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈষম্য নিরসনে কলেজ শিক্ষকদের আশ্বাস মন্ত্রীর

সরকারি কলেজ শিক্ষকরা অষ্টম বেতন কাঠামোয় তাদের বেতনসহ যেসব বৈষম্যের অভিযোগ তুলেছেন তা নিরসনের ‘আশ্বাস’ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 09:08 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

সচিবালয়ে বৃহস্পতিবার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, অষ্টম বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল, অধ্যাপকদের পদমর্যাদা ও বেতনক্রমের অবনমন না করাসহ বিভিন্ন বৈষম্য নিরসনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষক নেতারা।

“শিক্ষামন্ত্রী শিক্ষকদের দাবির সঙ্গে একমত পোষণ করে তা দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।”

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্যান্য ক্যাডারের মতো সহযোগী অধ্যাপকরা যাতে অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে সরাসরি তৃতীয় গ্রেড এবং আগের মতো সহযোগী অধ্যাপকরা যেন চতুর্থ গ্রেড পান সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

“অন্যান্য পদ আপগ্রেডসহ বিভিন্ন বৈষম্য নিরসনে মন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ এবং প্রচেষ্টা চালাবেন বলেও আশ্বস্ত করেছেন।”

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতির অধ্যাপক নাসরীন বেগম ও মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকারের নেতৃত্বে ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

অষ্টম বেতন কাঠামোয় সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে ‘প্রতারণা করা হয়েছে’ অভিযোগ করে আগামী ৪ ও ৫ জানুয়ারি পরীক্ষা বর্জনসহ পূর্ণ দিবস কর্মবিরতির কর্মসূচি রয়েছে বিসিএস শিক্ষা সমিতির।

সপ্তম বেতন কাঠামো অনুযায়ী, অন্য ক্যাডারের কর্মকর্তারা পঞ্চম থেকে সরাসরি তৃতীয় গ্রেডে পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডারের পঞ্চম গ্রেডের সহযোগী অধ্যাপকরা পদোন্নতি পেয়ে চতুর্থ গ্রেডে অধ্যাপক হতেন। চতুর্থ গ্রেডের অধ্যাপকদের অর্ধেক সিলেকশন গ্রেড পেয়ে তৃতীয় গ্রেড পেতেন।

সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বিলুপ্ত করে গত ১৫ ডিসেম্বর অষ্টম বেতন কাঠামোর গেজেট প্রকাশ করে সরকার।

নতুন বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল হওয়ায় সরকারি কলেজ শিক্ষকদের পদের অবনমন হয়েছে বলে তারা দাবি করছেন।

তারা বলছেন, নতুন বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড বাতিলের ফলে অধ্যাপকদের চতুর্থ গ্রেড থেকেই অবসরে যেতে হবে। ফলে মর্যাদা ছাড়াও বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা।

পুরনো খবর:

কর্মবিরতির কর্মসূচি সরকারি কলেজের শিক্ষকদের