শহীদের সংখ্যা নিয়ে বক্তব্য: খালেদাকে উকিল নোটিস
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে ‘দেশদ্রোহী’ মনোভাব পাওয়া যাচ্ছে অভিযোগ করে তা প্রত্যাহার করতে উকিল নোটিস পাঠিয়েছেন এক আইনজীবী।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী বুধবার রেজিস্ট্রি ডাকে খালেদার ঠিকানায় এই নোটিস পাঠান।
নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে খালেদা জাতির কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ না চাইলে তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগপন্থি এই আইনজীবী।
এতে বলা হয়, “নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে অযাচিত, অসাংবিধানিক ও ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্যথায় আপনার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনে মামলা করা হবে।”
খালেদা জিয়ার বাসা ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানায় এই নোটিস পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মোমতাজ উদ্দিন মেহেদী।
গত সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে খালেদা জিয়া শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে ওই বক্তব্য দেন।
বিএনপিনেত্রী বলেন, “আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।”
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিও ওই বক্তব্যের জন্য বিএনপি চেয়ারপারসনকে ক্ষমা চাইতে বলেছে।
মোমতাজ উদ্দিন মেহেদী তার নোটিসে খালেদাকে বলেছেন, “স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত দেশপ্রেমিক বাঙালি হিসেবে আমি এ ধরনের ঔদ্ধত্বপূর্ণ বক্তব্যে মর্মাহত।
“সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন এবং মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক করে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে ভূলুণ্ঠিত করেছেন এবং সংবিধান লঙ্ঘন করেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার অপরাধের শামিল।”
খালেদাকে ‘স্বাধীনতাবিরোধী এবং স্বাধীনতাবিরোধীদের মদদদাতা ও পৃষ্ঠপোষক’ আখ্যায়িত করে এই আইনজীবী নোটিসে লিখেছেন, “আপনি বিএনপি চেয়ারপারসন হওয়া সত্ত্বেও আপনার মধ্যে কোনো রাজনৈতিক সংস্কৃতি খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার এ ধরনের বক্তব্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে আপনার অজ্ঞতার পরিচয় পাওয়া যায়।”
