২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে কটাক্ষ রুখতে আইনের প্রস্তাব

মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অপমানমূলক বক্তব্য ঠেকাতে একটি আইন প্রণয়নের প্রস্তাব উঠেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 09:42 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

মুক্তিযুদ্ধে শহীদ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে বুধবার রাজধানীতে আয়োজিত এক সভা থেকে এই দাবি জানানো হয়।

ময়মনসিংহ রোডের ফেয়ারলী হাউস প্রাঙ্গণে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার এই সভার আয়োজন করে।

সভায় বক্তারা বিতর্কিত বক্তব্যের জন্য বিএনপি চেয়ারপারসনের কড়া সমালোচনা করেন।

জাসদ সংসদ সদস্য ও শ্রমিক জোটের নেতা শিরীন আখতার বলেন, “যে জায়গাটায় জোর দেওয়া দরকার, যেন কেউই আমাদের স্বীকৃত বিষয়গুলো নিয়ে আর বির্তক তুলতে না পারে। আমাদের এরকম আইন করা উচিত।”

একই প্রস্তাব তুলে সাবেক ছাত্রলীগ নেতা ইসমত কাদির গামা বলেন, “এটা করলে এর বিরুদ্ধে বললে সরকার, রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তার (খালেদা জিয়া) ছেলে তারেক রহমান হঠাৎ একদিন বলে ফেলল, ‘আমার পিতা জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’। এ ধরনের বিভ্রান্তিকর কথা বলে জাতিকে বিভ্রান্ত করা যাবে না।”

সভাপতির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘খালেদা জিয়া গত ২১ তারিখে যে বক্তৃতা করেছেন..আমাদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছেন।

“কিন্তু ভুয়া রাজনৈতিক নেতা হলেন আপনি খালেদা জিয়া। ভণ্ড রাজনীতিক আপনি। আপনি বাংলাদেশে এই গুম, রাহাজানি এবং লুটের রাজনীতি আপনি শুরু করেছেন।”

খালেদা জিয়াকে ক্ষমা চেয়ে ওই বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান তিনি।

যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করে খালেদার অবস্থানের দিকে ইঙ্গিত করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “এটি প্রমাণ করে সে পাকিস্তানের চর এবং এটিই প্রমাণ করে আজকে খালেদা জিয়া পাকিস্তানিদের স্বার্থ রক্ষা করছেন।”

শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ যুগ্ম আহ্বায়ক গামা বলেন, “সব ইতিহাসে লেখা আছে, ৩০ লাখ লোক শহীদ হল। আর উনি হঠাৎ করে আবিষ্কার করল, এই সংখ্যা ঠিক নয়। তাই একজন মানসিক রোগী ছাড়া একথা কেউ বলতে পারে না।”

একাত্তরে খালেদা জিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক শিরীন বলেন, “তার স্বামী যদি মুক্তিযুদ্ধের কথা ঘোষণাই করে থাকেন, সেই ঘোষণার কথা শুনে সাড়ে সাত কোটি মানুষ যদি যুদ্ধে যায়, তিনি কেন যুদ্ধে গেলেন না?

“তার ভেতরে কী ষড়যন্ত্র ছিল। তিনি কেন পাকিস্তানের ক্যান্টনমেন্ট ছিলেন। তাহলে কি তখনই তাকে পাকিস্তানের চর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল? আজকে এই প্রশ্নগুলো এসে যায়।”

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের মহাসচিব আবদুল মালেক মিয়ার সঞ্চালনায় সভায় শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দীন মিয়া, সদস্য সচিব জেড এম কামরুল আনাম, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচারের সদস্য সচিব অঞ্জন রায়, অভিনেতা কাজী হায়াত বক্তব্য দেন।  

সভার শেষ পর্যায়ে শ্রমিক নেতা শাজাহান খান ২৬ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি যুদ্ধাপরাধীদের গণবিচারের কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।

আগামী ৩ জানুয়ারি শাপলা চত্বরে বিক্ষোভ মিছিল, ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅবস্থানের কর্মসূচিও জানান তিনি।