২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কলেজ ছাত্রাবাসে অভিযান, আটক ২৩

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিপণি বিতানের দোকানিদের মারামারির ঘটনার পাঁচ দিন পর শিক্ষাপ্রতিষ্ঠানটির কয়েকটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 12:50 PM

Updated : 22 Aug 2022, 02:19 PM

নিউ মার্কেট থানার পরিদর্শক (অপারেশন) আবদুস সালাম জানান, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

আটকদের নাম-পরিচয় জানানো হয়নি। পাঁচ দিন আগের ওই সংঘর্ষের ঘটনায় তাদের আটক করা হয়েছে কি না- সে বিষয়েও পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

পরিদর্শক সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা কলেজের কয়েকটি ছাত্রাবাস থেকে ওই ২৩ জনকে আটক করা হয়েছে। তারা কলেজের ছাত্র নাকি বহিরাগত- তা যাচাই বাছাই করা হচ্ছে।”

বৃহস্পতিবার বিকালে ওই সংঘর্ষের ঘটনার পর রাতে মামলা করেন স্থানীয় এক ব্যবসায়ী। ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত দেড় থেকে দুইশ জনকে ওই মামলায় আসামি করা হয়েছে বলে মহানগর পুলিশের ধানমণ্ডি জোনের সহকারী কমিশনার রুহুল আমিন সাগর পরদিন জানিয়েছিলেন।

সংঘর্ষের কারণে ওই দিন মিরপুর সড়কে এক ঘণ্টার বেশি সময় গাড়ি চলাচল বন্ধ থাকে। এক সাংবাদিকের মোটর সাইকেলসহ চারটি বাইকে আগুন দেওয়া হয়।

সংঘর্ষের জন্য শিক্ষার্থী এবং ধানমণ্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীরা পরস্পরকে দায়ী করেছেন।

পুরনো খবর:

ঢাকা কলেজে মারামারি: ব্যবসায়ীর মামলায় আসামি দুইশ