২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষক সমিতির নির্বাচন ৩০ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনের তারিখ ঠিক হয়েছে আগামী ৩০ জানুয়ারি। গত দুই বারের মতো এবার পদগুলো ভাগাভাগি করা হবে না বলে আভাস দিয়েছেন শিক্ষক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 04:18 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তফসিল ঘোষণার কথা জানান নির্বাচন কমিশনার নগর ও অঞ্চল পরিকল্পণা বিভাগের অধ্যাপক এ কে এম আবুল কালাম।

সমিতির সভাপতি, সহ-সহসভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক ও যুগ্ম-সম্পাদক পদে একজন করে পাঁচজন এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ১০ জনসহ মোট ১৫টি পদে এ নির্বাচন  হবে।

অধ্যাপক কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রার্থীদের আগামী ৬ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র যাচাই ও প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১০ জানুয়ারি।

গত দুই বছরের শিক্ষক সমিতির নির্বাচনে সমিতির সব পদই আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক শিক্ষকরা সমঝোতার মাধ্যমে ভাগাভাগি করে নিয়েছিল।

তবে আগের ধারাবাহিকতায় এ বছর পদ ভাগাভাগির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক বিএনপি সমর্থক ‘জাতীয়তাবাদী শিক্ষক সমাজ’ এর নেতা অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগে সমঝোতার মাধ্যমে নির্বাচন হলেও আমার অভিজ্ঞতা বলছে, এ বছর সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

সমিতির বর্তমান সভাপতি আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এর নেতা অধ্যাপক খবির উদ্দিন এ বিষয়ে এখনই কিছু বলতে চাননি।

পরিবেশ বিজ্ঞান বিভাগের এই শিক্ষক বলেন, “নির্বাচনে সমঝোতা হবে কি না, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। প্রার্থীরা আবেদন জমা দিলে তারপর বিষয়টি নিয়ে চিন্তা করা যাবে।”

নির্বাচনে সমঝোতা হলে পেশাদারিত্ব ব্যাহত হয় বলে মনে করেন বামপন্থি শিক্ষকদের সংগঠন ‘শিক্ষক মঞ্চের’ মুখপাত্র রায়হান রাইন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষক সমিতিতে যখন প্রধান দুটি দল সমঝোতা করে পদ ভাগ করে নেয়, তখন একটি পেশাদার সংগঠন হিসেবে এর উদ্দেশ্য ব্যহত হয়। এরকম পরিস্থিতিতে তাদের হাতে একচ্ছত্র ক্ষমতা চলে যাওয়ায় তাদের মাঝে জবাবদিহির কোনো জায়গাও থাকে না। ফলে তারা সঠিকভাবে শিক্ষকদের প্রতিনিধিত্ব করতে পারে না।”

নির্বাচনে শিক্ষক মঞ্চের শিক্ষকদের কোনো প্যানেল থাকবে কি না- জানতে চাইলে রায়হান রাইন বলেন, “এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আমরা বাকি শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।”