২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্ক প্রতিযোগিতায় ট্রফি ভাগাভাগি ডিআইইউ ও গ্রিন ইউনিভার্সিটির

নিরাপদ অভিবাসন নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় ড্র করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও গ্রিন ইউনিভার্সিটি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 08:40 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

আন্তর্জার্তিক অভিবাসী দিবস ‍উপলক্ষে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংসদীয় ধারার এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘শুধুমাত্র আইনের প্রয়োগ নয়, সামাজিক সচেতনতাই পারে অবৈধ অভিবাসন বন্ধ করতে’ শীর্ষক ওই প্রতিযোগিতার আয়োজন করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ডিবেট ফর ডেমোক্রেসি, বোয়েসেল এবং আইএলও।

ছায়া সংসদে সরকারি দলে ছিলেন ডিআইইউ’র শিক্ষার্থীরা; আর গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিলেন বিরোধী দলে।

ওই সংসদে স্পিকার দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

বিতর্ক অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের পাশাপাশি অভিবাসী দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিতর্ক অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার বলেন, “প্রাণবন্ত এই বিতর্কে নানা তথ্য-উপাত্তের পাশাপাশি সমাধানের পথ বাতলে দেওয়ার চেষ্টা করেছেন বিতার্কিকরা। এর মাধ্যমে কীভাবে দেশে সরকারি ও বেসরকারি দল মিলে একসঙ্গে কাজ করতে পারে সেই দৃষ্টান্ত পেয়েছি আমরা।”

অভিবাসীদেরকে ‘প্রি ডিপার্চার ট্রেইনিং’ দেওয়ার বিষয় উল্লেখ করে তিনি বলেন, “আগে থেকে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিদেশে লোক পাঠাতে চাচ্ছি আমরা। যাতে সেসব দেশের সরকারের সঙ্গে আলোচনা করে অভিবাসী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা যায়।”

অভিবাসী আইন প্রয়োগের পাশাপাশি আইন মান্য করা এবং অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন সচিব।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন নাহার, বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান বক্তব্য দেন।