২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশের শিল্পকলার মূল ধারায় অন্তর্ভুক্ত হোক পাহাড়ি শিল্পকর্ম'

পার্বত্য অঞ্চলের শিল্পীদের সামনে এগিয়ে নেওয়ার উৎসাহ দিতে পাহাড়ি শিল্পকর্মকে দেশের শিল্পকলার মূল ধারায় অন্তর্ভুক্ত করার কথা বলেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 10:16 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে পাহাড়ি শিল্পীদের আঁকা চিত্রকর্ম নিয়ে পাঁচ দিনব্যাপী এক প্রদর্শনীর উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন।

এ সময় গওহর রিজভী বলেন, "হিল আর্ট দেশের মূল শিল্পকলায় অন্তর্ভুক্ত হোক।"

‘বৈচিত্র্য ও বৈচিত্র্যতায় পাহাড়ের রং’ প্রতিপাদ্য নিয়ে এই প্রদর্শনীতে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি অঞ্চলের মোট ২৭ জন শিল্পীর আঁকা চিত্রকর্ম স্থান পেয়েছে।

পাহাড়ি চিত্রকর্ম নিয়ে পর পর পাঁচ বছর এই প্রদর্শনীর আয়োজন করল 'হিল আর্টিস্ট গ্রুপ'।

দ্বিতীয়বারের মতো সরকারি সহায়তায় আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধনীতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর এবং চিত্রশিল্পী কার্টুনিস্ট অধ্যাপক শিশির ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

'পার্বত্য অঞ্চলের শিল্পীরা সঠিক পৃষ্ঠপোষকতা পাচ্ছেনা' বলে মন্তব্য করেন নব বিক্রম।

শিশির ভট্টাচার্য বলেন, "পার্বত্য শিল্পীদের কাছে আমরা ঋণী, কারণ তাদের জন্যেই আমাদের সংস্কৃতি এত বৈচিত্র্যময়।"  

হিল আর্টিস্ট গ্রুপের সভাপতি ধনমনি চাকমা সরকারের কাছে প্রতিবছর একটি চিত্র প্রদর্শনীর বাজেট বরাদ্ধ এবং দেশের বাইরের প্রদর্শনীতে সরকারি খরচে পাহাড়ি শিল্পী পাঠানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী শুধুমাত্র পার্বত্য অঞ্চলের শিল্পীদের জন্যে ঢাকায় একটি স্থায়ী গ্যালারি তৈরির আশ্বাস দেন।

এছাড়া ভবিষ্যতে পাহাড়ি শিল্পীদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, "বৈচিত্র্যময় একটি সুন্দর বাংলাদেশকে দেখতে পাওয়া যায় এই পার্বত্য শিল্পীদের চিত্রকলায়।"