‘মজা লস?’র অ্যাডমিন রিফায়েতের জামিন
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় জামিন পেয়েছেন ফেইসবুক পেইজ ‘মজা লস?’ এর অ্যাডমিন রিফায়েত আহম্মেদ।
দুইদিনের রিমান্ড শেষে সোমবার রিফায়েতকে ঢাকার মুক্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে জামিনের আবেদন করেন তার আইনজীবী মো. মোরশেদ।
কিন্তু এই আদালতে এ ধরনের মামলায় জামিন শুনানি না হওয়ায় মামলার নথিপত্র নেওয়া হয় মহানগর দায়রা জজ আদালতে। সেখানে অবকাশকালীন বিচারক জেসমিন আরা আবেদনের ওপর শুনানি নিয়ে রিফায়েতকে জামিন দেন।
তবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৭১ ধারা অনুযায়ী এ ধরনের মামলায় জামিনের শুনানি নেওয়ার এখতিয়ার শুধু সাইবার অপরাধ ট্রাইব্যুনালেরই রয়েছে বলে ঢাকার সাইবার অপরাধ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম জানিয়েছেন।
তিনি বলেন, “জামিন দেয়ার এখতিয়ারও সাইবার ট্রাইব্যুনালের বিচারকের। সাইবার ট্রাইব্যুনাল, হাই কোর্ট বা আপিল বিভাগ ছাড়া অন্য কোনো আদালতের বিচারক এ ধরনের মামলায় এ পর্যন্ত জামিন শুনানিই নেননি।”
সরকার, রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রিফায়েতকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে র্যাব-১ এর এসআই জাকির হোসেন ভাটারা থানায় মামলা করেন।
ওই মামলায় শুক্রবার আদালতের মাধ্যমে তাকে দুইদিনের রিমান্ডে নেয় পুলিশ।
