২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টাকারীদেরও বিচার হবে: প্রধানমন্ত্রী

যুদ্ধাপরাধীদের রক্ষার অপচেষ্টাকারীদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 09:40 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।

তিনি বলেন, বিজয়ের প্রাক্কালে স্বাধীনতাবিরোধীরা নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল; যে প্রতিশোধ-স্পৃহা আজও থেমে নেই।

“এই কুখ্যাত মানবতাবিরোধীদের যারা রক্ষার অপচেষ্টা করছে তাদেরও একদিন বিচারের আওতায় আনা হবে। এসব রায় বাস্তবায়ন করার মাধ্যমে দেশ কলঙ্কমুক্ত হবে।”

প্রধানমন্ত্রী দলমত নির্বিশেষে সবাইকে একাত্তরের ঘাতক, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী জামায়াতচক্রের ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বাণীতে।

মুক্তিযুদ্ধের সময়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে পরিচালিত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল জামায়াত ও ধর্মান্ধ রাজনৈতিক দলগুলো।

তিনি বলেন, বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে তারা দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ দেশের সেরা সন্তানদের নির্মমভাবে হত্যা করেছিল। এরপর মুক্তিযুদ্ধের এই পরাজিত শক্তিই ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে।

Image
প্রধামন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

প্রধামন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে দেশে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

বাণীতে তিনি বলেন, “তারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়। এতে জনগণের নাভিশ্বাস ওঠে।”

২০০৯ সালে নির্বাচিত হওয়ার প্রসঙ্গ টেনে বাণীতে তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার পর দেশের বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয়েছে।

“ইতোমধ্যে এ বিচারের কয়েকটি রায় কার্যকর হয়েছে; বাকি রায় কার্যকর করা হবে।”

কোনো ষড়যন্ত্রই এ পথ থেকে বিচ্যুত করতে পারবে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।