প্রচারের শুরুতে ‘কড়াকড়ির’ ইঙ্গিত ইসির
প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া পৌর নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে সোমবার।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পাশাপাশি দশম জাতীয় সংসদ বর্জন করা বিএনপির মেয়র প্রার্থীরাও নিজেদের প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
দশম সংসদ নির্বাচন বর্জন করা দল বিএনপির প্রার্থীরা সাত বছর পর ধানের শীষ প্রতীকে প্রচারে যাবেন।
দেশের মোট ৩২৩টি পৌরসভার মধ্যে ৩০ ডিসেম্বর ২৩৪টিতে ভোট হবে। মেয়র পদ দলীয় হলেও সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট হবে নির্দলীয়।
নির্বাচনে ১৯টি দল মেয়র পদে প্রার্থী দিয়েছে। এরমধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে অন্তত ২৩১ পৌরসভায়, বিএনপির ধানের শীষে অন্তত ২২৪ পৌরসভায় ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ৮৫ পৌরসভায় দলীয় প্রার্থীরা লড়বেন।
২৩৪ পৌরসভায় দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নয় শতাধিক প্রার্থী। সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন সহস্রাধিক ‘নির্দলীয়’ প্রার্থী।
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. সিরাজুল ইসলাম রোববার বলেন, প্রতীক ছাড়াই ৯ ডিসেম্বর থেকে জনসংযোগ-পথসভা করেছেন অনেকে। তবে সোমবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতীক বরাদ্দ দেবে। এরপরই শুরু হবে প্রতীক নিয়ে প্রচার।
ইতোমধ্যে আচরণবিধি প্রতিপালনে সবার সহযোগিতা চেয়েছে ইসি।
তিনি বলেন, “ভোটে থাকা দলগুলোর কাছে সংসদ সদস্য ও মন্ত্রীদের বিষয়ে সংসদ সচিবালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়া হয়েছে। প্রার্থী ও ভোটাররা আচরণবিধি যেনো অনুসরণ করেন সে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের বলা হয়েছে।”
সচিব জানান, তিন সাংসদ আচরণবিধি লঙ্ঘন করায় শোকজ করা হয়, তারা জবাবও দিয়েছেন। আগামীতেও সবাই যথাযথভাবে আচরণবিধি পালন করবেন- এমন প্রত্যাশা সবার।
ইসির উপসচিব সামসুল আলম জানান, ভোট শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে প্রার্থীদের। ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা ভোট চলবে। সেক্ষেত্রে ২৮ ডিসেম্বর রাত ১২টায় প্রার্থীদের প্রচার শেষ করতে হবে।
আচরণবিধি মেনে পোস্টার ছাপানো, টানিয়ে রাখা, বাড়ি বাড়ি গিয়ে অথবা ঘরোয়া ও পথসভার মাধ্যমে জনসংযোগ, ডিজিটাল বোর্ড বা ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করার সুযোগ পাবেন প্রার্থীরা।
“পোস্টারে প্রার্থী ও প্রতীকের ছবি সাদা কালো রঙের, দলীয় প্রার্থীর সঙ্গে দলীয় প্রধানের ছবি রাখার সুযোগ রয়েছে এবং নির্ধারিত সাইজে প্রতীক তৈরি করে প্রচার করা যাবে; যার ব্যয় বিবরণী ইসি ও রিটার্নিং কর্মকর্তার কাছে দিতে হবে,” বলেন এ কর্মকর্তা।
‘বুদ্ধিজীবী ও বিজয় দিবসে বিধিভঙ্গ নয়’
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে যাতে কোনো প্রার্থী এবং সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা বিধিলঙ্ঘন না করেন সে বিষয়ে নির্দেশনা দিচ্ছে ইসি।
উপসচিব সামসুল আলম জানান, ফরিদপুর-১ আসনের সাংসদ আব্দুর রহমান বিজয় দিবসের অনুষ্ঠানে নির্বাচনী এলাকায় যাবেন। বিষয়টি ইসিকে অবহিত করা হয়েছে।
“এমন অনুষ্ঠানে গেলেও প্রার্থীর পক্ষে প্রচার না করার জন্য রিটার্নিং অফিসারকে নির্দেশনা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে প্রার্থীদেরও বিজয় দিবসের কর্মসূচিতে প্রচার থেকে বিরত থাকতে বলা হচ্ছে,” বলেন তিনি।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রীয় কোনো কর্মসূচিতে বাধা দেওয়া যাবে না। কোনো সুবিধাভোগী ব্যক্তি ইসির কাছে জানালে তাতে অসম্মতি থাকবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার বলেন, “ভোটের আগে পৌর এলাকায় বিজয় দিবসের অনুষ্ঠানে গেলে মন্ত্রী-এমপিকে অবশ্যই ইসিকে জানাতে হবে। আমরা তাতে বাধা দেব না। যদি না জানিয়ে যান তাতে বিধি লঙ্ঘন হবে।”
এ সংক্রান্ত নির্দেশনা ১৬ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া হবে বলে জানান তিনি।
ইসি কর্মকর্তারা জানান, প্রার্থীদের যে কোনো অনুষ্ঠানে গিয়ে প্রতিশ্রুতির নামে অর্থ বরাদ্দ, চাঁদা, অনুদান দেওয়া ও উন্নয়নমূলক অঙ্গীকারের বিষয়েও সতর্ক করে পরিপত্র জারি করা হচ্ছে।
নির্বাচন কমিশনার জাবেদ আলী জানান, আচরণবিধি লঙ্ঘন হলেই রিটার্নিং কর্মকর্তাদের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
“এজন্য ইসির সুপারিশ বা সিদ্ধান্তের অপেক্ষায় বসে থাকার সুযোগ নেই। এখন মাঠে নির্বাহী হাকিম রয়েছেন। তাদেরকে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন রিটার্নিং কর্মকর্তারা,” বলেন তিনি।
সাতক্ষীরায় এক নির্বাচন কর্মকর্তাকে বদলি
সাতক্ষীরায় রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন একজন কমিশনার।
“উপজেলা ভাইস চেয়ারম্যান পদে থাকা একজনের মেয়র পদে মনোনয়নপত্র জমা নেওয়ায় এ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন অন্য একজন কর্মকর্তাকে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হচ্ছে,” বলেন তিনি।
