ভোটে থাকা ২০ দলকে ইসির চিঠি
দলীয় প্রধানের পথসভা যেন জনসভায় পরিণত না হয়, জন চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সে বিষয়ে ‘সতর্ক’ করে পৌর নির্বাচনে থাকা ২০ দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
ইসির যুগ্মসচিব জেসমিন টুলী স্বাক্ষরিত এই চিঠি বুধবার দলগুলোর মহাসচিব বা সাধারণ সম্পাদকদের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসির উপ সচিব সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ পর্যন্ত ২০টি নিবন্ধিত দল পৌর নির্বাচনে প্রার্থী দিয়েছে। তাদের প্রার্থীর পক্ষে দলীয় প্রধান ও নেতাদের প্রচারের ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে সহযোগিতা দেয়ে এই চিঠি দেওয়া হয়েছে।”
‘ক্ষমতাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের’ নির্বাচনী প্রচারে যেতে নিষেধাজ্ঞার কথা চিঠিতে মনে করিয়ে দিয়েছে ইসি।
সরকারি সুবিধাভোগী নন এমন দলীয় প্রধানদের প্রচারে যেতে বাধা না থাকলেও স্থানীয় সরকারের এ নির্বাচনে জনসভা ও শোভাযাত্রায় যে নিষেধ আছে, তাও বলা হয়েছে এই চিঠিতে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ২০ দলকে এ বিধি প্রতিপালনের জন্য জন্য অনুরোধ করা হয় চিঠিতে। প্রতিটি চিঠির সঙ্গে দেওয়া হয়েছে নির্বাচনী আচরণবিধির পাঁচটি কপি।
সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, “বুধবার থেকে প্রচার শুরু হয়েছে। আপাতত শুধু পথসভা ও ঘরোয়া সভার সুযোগ রয়েছে।”
প্রতীক বরাদ্দের পর ১৪ ডিসেম্বর থেকে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করতে পারবেন বলে জানান তিনি।
ইসির তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় ভোট হবে। এবারই প্রথম পৌসভার মেয়র পদপ্রার্থীরা দলীয় মনোনয়নে নির্বাচন করছেন।
