২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দর নিরাপত্তা: ভিআইপির দলবলেও ‘ছাড় নয়’

ক্ষমতাসীন দলের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিদেশে যাওয়া-আসার সময় বিমানবন্দরে অনিয়ন্ত্রিতভাবে নেতাকর্মীদের প্রবেশে নিরাপত্তা ঝুঁকির বিষয়ে খোদ সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 07:26 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

তার এই অভিযোগের পর বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ‘কোনো ছাড় না দিতে’ স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে বৈঠকে উপস্থিত দুইজন মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

এ বিষয়ে জানতে চাইলে পরে রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীকে বলেছি, সাধারণ মানুষ কোনো সমস্যা না। সমস্যা কিছু ভিআইপি। তারা ১৫/২০ জন, একশজন নিয়ে বিমানবন্দরে ঢোকেন, এতে নিরাপত্তা বিঘ্নিত হয়।” 

মন্ত্রীর বক্তব্য শুনে প্রধানমন্ত্রী কাউকে কোনো ছাড় না দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বৈঠকে উপস্থিত আরেকজন মন্ত্রী।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে জিরো টলারেন্স দেখাবেন। কাউকেই ছাড় দেবেন না। সব কিছুই আইন অনুযায়ী চলবে। যেই আইন লঙ্ঘন করুক, গ্রেপ্তার করবেন।”

কয়েকটি হামলা ও হত্যাকাণ্ড এবং কয়েকটি দেশের দূতাবাসের সতর্কতা জারির পর গত ২৬ অক্টোবর থেকে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করে সরকার। দর্শনার্থী প্রবেশের ওপরও জারি করা হয় কড়াকড়ি।

আরেকজন মন্ত্রী জানান, সম্প্রতি সরকার কাঁচাপাট রপ্তানি বন্ধ করে দিলেও প্রধানমন্ত্রী তা সীমিত পরিসরে চালু রাখতে বলেছেন।

“অনির্দিষ্টকালের জন্য কাঁচাপাট রপ্তানি বন্ধের নির্দেশনার বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কথা বলেন। তিনি বলেন, যারা পাট রপ্তানির জন্য এলসি খুলেছে এবং আগে থেকেই যেসব দেশ ও প্রতিষ্ঠানের কাছে পাট রপ্তানি করা হচ্ছে, তাদের কাছে পাট রপ্তানি চালু থাকা উচিত।”

এর ব্যাখ্যায় অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন পাট রপ্তানি বন্ধ রাখা হলে বাংলাদেশ বাজার হারাবে।

এরপর প্রধানমন্ত্রী সীমিত পরিসরে কাঁচাপাট রপ্তানির সুযোগ বজায় রাখতে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রমাণিককে নির্দেশনা দেন। পাটমন্ত্রী বৈঠকে জানান, পাট রপ্তানি নিয়ে আদেশ সংশোধন করা হবে।

পুরনো খবর:

কিছু ভিআইপি বিমানবন্দরের নিয়ম মানেন না: মেনন
নিরাপত্তা বেড়েছে বিমানবন্দরে
কাঁচা পাট রপ্তানি নিষিদ্ধ