নিরাপত্তা বেড়েছে বিমানবন্দরে
সাম্প্রতিক কয়েকটি হামলা ও হত্যাকাণ্ড এবং বিদেশি দূতাবাসের সতর্কতা জারির প্রেক্ষাপটে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর অংশ হিসেবে যাত্রীদের তল্লাশি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে দর্শনার্থীর প্রবেশের ক্ষেত্রে আরোপ করা হয়েছে কড়াকড়ি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, “আমাদের মনে হয়েছে এয়ারপোর্টে আমরা যেভাবে চলাফেরা করি সিকিউরিটি আরেকটু বাড়ানো দরকার। সেজন্যই আলাপ-আলোচনা তা জোরদার করেছি।”
তবে কয়েকটি গণমাধ্যম বিমানবন্দরে ‘রেড অ্যালার্ট জারির যে খবর দিয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন মন্ত্রী।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা অব্যাহত থাকবে।”
গোয়েন্দাদের কাছ থেকে ঠিক কী ধরনের তথ্য পাওয়া গেছে, বিমানবন্দরে হামলার কোনো হুমকি এসেছে কি না- এসব বিষয়ে কোনো তথ্য দেননি বিমানবন্দরের পরিচালক।
এ বিষয়ে প্রশ্ন করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নিরাপত্তার স্বার্থেই সতর্কতা বাড়ানো হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
ঢাকার মত চট্টগ্রামের শাহ আমানত এবং সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
শাহ আমানতের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা মেনে চলা হচ্ছে। ভিজিল্যান্স বাড়ানোর পাশাপাশি তল্লাশিও জোরদার করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের দর্শনার্থী গ্যালারিতে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি।
সিলেটের ওসমানীতেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ব্যবস্থাপক হাফিজ আহমেদ।
সোমবার দুপুরে সচিবালয়ে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল।
বিমানবন্দরের নিরাপত্তা হঠাৎ কেন জোরদার করা হল- এমন প্রশ্নে তিনি বলেন, “মনে হয় কিছু ঢিলেঢালা ছিল। আলাপ আলোচনা করে তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছি।
‘রেড অ্যালার্ট’ জারির বিষয়টি সঠিক নয় মন্তব্য করে মন্ত্রী বলেন, “এখন আমরা যে সিস্টেম নিয়ে চিন্তা করছি বিদেশের এয়ারপোর্টে তা চালু আছে। বরং আমাদের এয়ারপোর্টে যে ইচ্ছে সে চলে যেত। সেটা যেন আর না যায় আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমরা হুঁশিয়ার হচ্ছি, এটা রুটিন ওয়ার্ক।”
বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ‘ঢেলে সাজানো হচ্ছে’ বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
এদিকে ‘রেড অ্যালার্ট’ জারির খবর ‘সঠিক নয়’ জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে ‘জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে’।
“প্রকৃতপক্ষে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিন্যস্থ করতে এবং সংস্কার ও মেরামত কাজ সম্পাদন করার জন্য সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ স্থগিত রাখা হয়েছে।”
সম্প্রতি অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর বাতিল করলে হঠাৎ করেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে। এরই মধ্যে ঢাকায় এক ইতালীয় নাগরিক ও রংপুরে এক জাপানী নাগরিক খুন হন।
এরপর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও জাপান তাদের নাগরিকদের বাংলাদেশ সফরের ওপর সতর্কতা জারি করে।
দুই খুনের পর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস এর দায় স্বীকার করেছে বলে খবর এলেও সরকারের পক্ষ থেকে তা নাকচ করে বলা হয়, দেশকে যারা অস্থিতিশীল করতে চায় এটা তাদের কাজ।
সর্বশেষ গত শুক্রবার গভীর রাতে পুরান ঢাকার হোসাইনী দালানে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যে বোমা হামলায় এক কিশোর নিহত হন, আহত হন অন্তত ৭৫ জন।
বিদেশি হত্যার পর কূটনৈতিক এলাকায় বাড়তি নিরপত্তা ব্যবস্থা নেওয়া হলেও সোমবারই বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানোর খবর এল।
‘একটা দুইটা খুন হতেই পারে’
দেশে ‘দুই একটা খুনের ঘটনা’ ঘটতেই পারে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এতে সরকার ‘উদ্বিগ্ন নয়’।
দুপুরে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ধরনের খুন প্রত্যেকটি দেশে হয়, আমরা উদ্বিগ্ন হব কেন? আমরা যতখানি পারছি করে যাচ্ছি, তেমন কিছুই ঘটেনি।”
তিনি বলেন, “আমেরিকায় হচ্ছে, ব্রিটেনে হচ্ছে, ফ্রান্সে হচ্ছে, কোন জায়গায় হচ্ছে না? সৌদি আরবে হচ্ছে, ইন্ডিয়ায় হচ্ছে। একটা দুইটা ঘটনা ঘটতেই পারে। এটার জন্য উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।”
সাংবাদিকদের আরেক প্রশ্নে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক রয়েছে।
“তারা সব কিছুই দেখছে। আপনারা ভাল করেই দেখছেন সবগুলোকে ধরে ফেলেছি (সাম্প্রতিক খুনের ঘটনায়)। সব আপনাদের ধীরে ধীরে জানাব।”
সম্প্রতি দেশে ঘটে যাওয়া ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনাগুলো সবই ‘লোকাল ও ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রের’ ফসল বলে মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম শহরেও নিরাপত্তা জোরদার
কেবল বিমানবন্দর নয়, ‘যে কোনো ধরনের নাশকতা রোধে’ চট্টগ্রাম নগরীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম শহীদুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিমানবন্দরের ভেতরে সিভিল এভিয়েশন এবং বাইরে আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।
এছাড়া সাদা পোশাকের পুলিশ সদস্যরাও বাইরে টহলে রয়েছে বলে জানান তিনি।
এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে নির্বাচনপূর্ব সময়ে শাহ আমানত বিমানবন্দরের পার্কিং এলাকায় হাতবোমা ফাটানো হয়েছিল।
এছাড়া ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সম্প্রতি পদ্মা, মেঘনা, যমুনা ডিপোতে নাশকতার পরিকল্পনা করেছিল বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
