২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বজ্ঞান চর্চার পীঠস্থান হবে বাংলা একাডেমি’

ষাট বছরের অর্জনকে কাজে লাগিয়ে বিশ্বজ্ঞান চর্চার পীঠস্থান হয়ে ওঠার প্রত্যয় নিয়ে শেষ হল বাংলা একাডেমির হীরকজয়ন্তী উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 11:36 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

শুক্রবার বিকালে আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে দুদিনের উৎসবের সমাপনী অনুষ্ঠান হয়।

এই অনুষ্ঠানের সভাপতি বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, “বাংলা একাডেমি ঐতিহ্যের বিস্তার সাধনে বিগত ষাট বছরের মতো সামনের দিনগুলোতেও অবিচল থাকবে। তৃণমূলের সঙ্গে সংযোগ রেখে আন্তর্জাতিকতার মাত্রা অর্জনে প্রয়াসী হবে।”

প্রধান অতিথি সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ বলেন, প্রতিষ্ঠার পর থেকে বাংলা একাডেমি জ্ঞানের বহুকৌণিক চর্চায় যেভাবে ভূমিকা রেখে এসেছে, অনাগত দিনগুলিতে তা আরও বিস্তৃত হয়ে বিশ্ববোধসম্পন্ন মানুষের সৃষ্টি ও বিকাশে ভূমিকা রাখবে।

“হীরক জয়ন্তীতে আমাদের প্রত্যাশা- বাংলা একাডেমি ক্রমশ হয়ে উঠবে বঙ্গীয় ও বিশ্বজ্ঞান-চর্চার এক অনন্য অঙ্গন।”

বাংলা একাডেমির সদ্যপ্রয়াত সম্মানিত ফেলো কবি ওমর আলীর মৃত্যুতে শোকপ্রস্তাব এবং তার স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

স্মৃতিচারণায় অংশ নিয়ে গবেষক ও লেখক অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম বলেন, বাংলা একাডেমি প্রতিষ্ঠাকালীন সীমিত পরিধি ছাড়িয়ে এক বৃহৎ প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।

“শুরুতে একাডেমি গবেষণামূলক কার্যক্রমের উপর জোর দিলেও পরে সমকালীন নাট্যচর্চা এবং সাংস্কৃতিক আন্দোলনেও যুক্ত হয়েছে।”

এক্ষেত্রে একাডেমির বর্ধমান হাউজ মঞ্চে মাইকেল মধূসুদনের ‘কৃষ্ণকুমারী’ ও সৈয়দ ওয়ালীউল্লাহর ‘বহিপীর’ নাটক মঞ্চায়নের উদাহরণ তুলে ধরেন তিনি।

বাংলা একাডেমির প্রকাশন, মুদ্রণ ও বিক্রয় বিভাগের প্রাক্তন পরিচালক ফজলে রাব্বি বলেন, “স্মৃতি ও প্রীতিময় সময় কেটেছে বাংলা একাডেমিতে। বুদ্ধিবৃত্তিক চর্চার এই মহৎ প্রতিষ্ঠানে এদেশের সেরা লেখকবৃন্দ যে পারিবারিক আবহে কাজ করেছেন, আড্ডা দিয়েছেন আজ তা আমাদের জাতীয় সাহিত্য-সংস্কৃতির ইতিহাসেরই অংশ।”

সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি শাঁওলী মিত্র, ভারতের চেন্নাইয়ের বিশিষ্ট লেখক ও গবেষক ভি বি গনেশন, বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর সভাপতি বারিদবরণ ঘোষ, বিচারপতি কাজী এবাদুল হক, নাট্যজন সৈয়দ হাসান ইমাম ও অধ্যাপক শফি আহমেদ।

বাংলা একাডেমির উপপরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন মাহবুবা রহমন, ফারহানা শিরিন, আনোয়ার হোসেন ও সঞ্জয় কুমার দাস।

এর আগে বাংলা একাডেমির উদ্ভব, বিকাশ, গবেষণা কার্যক্রম, বিজ্ঞান প্রকাশনা, ফোকলোর চর্চা, স্মারক প্রকাশনা এবং একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা প্রভৃতি বিষয়ে সাতটি পৃথক প্রবন্ধ উপস্থাপন করা হয়।