ঢাকা সাহিত্য উৎসব শুরু
চরমপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শুরু হয়েছে বাংলাদেশে ইংরেজি ভাষার সাহিত্য নিয়ে সবচেয়ে বড় আয়োজন ঢাকা সাহিত্য উৎসব।
বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে তিন দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, “অতি সম্প্রতি আমরা যেসব অসুবিধা মোকাবিলা করছি তার রেফারেন্স এখানে টানা হয়েছে। মৌলবাদী শক্তি কোনো নির্দিষ্ট সমাজে সীমাবদ্ধ নয়, পুরো পৃথিবীজুড়েই আছে। আমাদের আদর্শ ও আমাদের কার্যক্রম দ্বারা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, “আমাদের তরুণ প্রজন্ম এটাকে কিভাবে মোকাবেলা করতে পারে সেটা তারা দেখিয়েছে। আমার বিশ্বাস তারা এতে সফল হবে।”
অর্থমন্ত্রী বলেন, “এ ধরনের সাহিত্য উৎসবের আমন্ত্রণ ‘মিস’ না করলেও আমি হে ফেস্টিভ্যালে আসতাম না। কারণ এটাকে আমাদের দেশীয় মনে হয়নি। এবার ঢাকা সাহিত্য উৎসব নামের এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েই চলে আসলাম।”
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, এই উৎসবে বিভিন্ন দেশের সৃজনশীল মনের সম্মিলন ঘটেছে। তাদের জ্ঞান ও সৃজনশীলতা ভাগাভাগি করে নেওয়ার সুযোগ এটি।
বর্তমানে বিশ্বজুড়ে ‘বড় ধরনের’ সংঘাতময় পরিস্থিতি পার হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “প্যারিসের পাশাপাশি বৈরুত, কাবুল, নাইজেরিয়া, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিনসহ নানা দেশে অন্ধকার সময় পার হচ্ছে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, “মৌলবাদী শক্তি আমাদের দেশের লেখক-প্রকাশক ও বিদেশিদের ওপর হামলা করেছে। এর বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের প্রতিশ্রুতি এই সাহিত্য উৎসবকে সফল করেছে।
“এই উৎসব বিভিন্ন দেশ থেকে আগত লেখক-সাহিত্যিকদের মধ্যে বন্ধুত্ব তৈরি করবে। এটা শুধু সাহিত্যাঙ্গনে সীমাবদ্ধ থাকবে না। এটা দেশীয় সীমানার বাইরে গিয়ে সকল দেশের সকল মানুষের মধ্যে সৃজনশীলতার মেলবন্ধন তৈরি করবে।”
ঢাকা সাহিত্য উৎসবের পরিচালক কাজী আনিস আহমেদ বলেন, “অনেক ছোটো দেশের লেখকরা বিদেশে পরিচিত হলেও বাংলাদেশের তেমন নেই। বাংলা ভাষার বহু সাহিত্য আন্তর্জাতিক মানে অনেক এগিয়ে থাকলেও সেটা অন্য ভাষার মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো উদ্যোগ নেই।”
ঢাকা সাহিত্য উৎসবের মাধ্যমে ১৪টি দেশের পঞ্চাশের অধিক লেখকের সম্মিলন এবারের উৎসবে ঘটেছে জানিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে দেশীয় স্বনামধন্য লেখক ও তরুণ লেখক-পাঠকদের যোগাযোগের পথ তৈরি করবে এই উৎসব।
উৎসবে লেখক সৈয়দ শামসুল হক ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের দুটি গ্রন্থের অনুবাদ এবং ইংরেজি সাহিত্যের ম্যাগাজিন ‘ওয়াসাফিরি’র বিশেষ সংখ্যা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের ইংরেজি ভাষার লেখিকা নয়নতারা সাহগাল।
অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও বাংলাদেশে ইংরেজি ভাষার কবি কায়সার হক, ঢাকা সাহিত্য উৎসবের পরিচালক আহসান আকবর ও সাডাফ সাজ বক্তব্য দেন।
এর আগে ঘাসফড়িং ব্যান্ডের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।
উৎসব প্রাঙ্গণের কয়েকটি স্টলে ইংরেজি সাহিত্যের বই বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন প্রাঙ্গণে রয়েছে কর্মশালা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
