জামায়াতকে হরতালের সুযোগ দিচ্ছে সরকার: ইমরান
জামায়াতে ইসলামীকে ‘নিষিদ্ধ না করে’ হরতালের সুযোগ দেওয়া কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
জামায়াত নেত যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড রিভিউয়ের আবেদন খারিজের প্রতিবাদে দলটির ডাকা হরতাল প্রত্যাখ্যান করে শাহবাগ থেকে মিছিল শুরুর আগে এ মন্তব্য করেন তিনি।
বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির দণ্ড বহাল রাখে। পরে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে হরতালের বার্তা দেয় জামায়াত।
এই হরতাল প্রতিহত করতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সকাল থেকে হরতালবিরোধী কর্মসুচি পালনের ঘোষণা দেন ইমরান।
পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে হরতালবিরোধী মিছিল শুরু করে করেন মঞ্চের কর্মীরা।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-রাজু ভাস্কর্য হয়ে আবার শাহবাগ যায়। সেখান থেকে কাঁটাবন মোড় ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হয় তাদের মিছিল।
মিছিল শুরুর আগে মঞ্চের মুখপাত্র ইমরান সাংবাদিকদের বলেন, “আমি মনে করি না, জামায়াতে ইসলামীর হরতাল ডাকার কোনো অধিকার আছে, অবৈধ সংগঠনটি নিবন্ধনও বাতিল হয়েছে।”
নির্বাচন কমিশনের শর্ত পূরণ না করায় ২০১৩ সালের ১ অগাস্ট হাই কোর্ট এক রায়ে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর ওই বছর নভেম্বরে নির্বাচন কমিশন জানায়, আদালতের আদেশেই জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে গেছে।
যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের পর শাহবাগে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
জামায়াত এই হরতাল পালনের মাধ্যমে আদালতের রায়কে অসম্মান করছে বলে মনে করেন ইমরান।
তিনি বলেন, “আমি মনে করি, এটা আদালতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। এই অবৈধ সংগঠনটির কোনো অধিকার নেই। কেননা এই অপরাধীরা সব ধাপে আইনি লড়াইয়ে হেরে গেছে এবং তাদের আইনজীবীও বলেছে, তারা আইনি লড়াইয়ে হেরেছে।
“তারা সর্বোচ্চ সুযোগ নিয়ে পাঁচ বছর ধরে আইনি লড়াইয়ের সুযোগ পেয়েছে। সব ধাপের লড়াইয়ে তারা হেরে হরতালের ডাক দিয়েছে। অতএব তাদের আইনি লড়াইয়ের ওপর আস্থা নেই।”
এসময় দেশবাসীকে নিজ দায়িত্বে হরতালকারীদের আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোর্পদ করার আহ্বান জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র।
ইমরান বলেন, “তারা যাতে কোনোভাবেই সাধারণ মানুষের জানমাল অনিরাপদ করতে না পারে সেজন্য দেশের প্রত্যেক মানুষের তৎপর থাকা উচিত।
“সাধারণ মানুষ এই হরতাল প্রত্যাখ্যান করেছেন, কেউ মেনে নেয়নি।”
