মায়ার মন্ত্রিত্ব নিয়ে রিট খারিজ
আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সংসদ সদস্য বা মন্ত্রী পদে থাকা নিয়ে করা রিট আবেদন খারিজ হয়ে গেছে হাই কোর্টের চূড়ান্ত রায়ে।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
গত ১৭ অগাস্ট ওই রিট আবেদনে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ বিভক্ত আদেশ দেয়। আদেশে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল দিলেও অপর বিচারপতি আবেদনটি খারিজ করে দিয়েছিলেন।
বিভক্ত আদেশের পর নিয়ম অনুযায়ী বিষয়টি প্রধান বিচারপতির কাছে যায় এবং বিষয়টি নিষ্পত্তির জন্য ১০ নভেম্বর বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বেঞ্চে পাঠান তিনি।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার শুনানি শেষে আদালত রিট খারিজ করে দেয়, যার মধ্য দিয়ে মায়ার পদে থাকা নিয়ে প্রশ্নের মীমাংসা হল।
আদালতে মায়া চৌধুরীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও আইনজীবী সাঈদ আহমেদ রাজা। আর রিটের পক্ষে ছিলেন আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
আদেশের পর আইনজীবী সাঈদ আহমেদ রাজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মায়া চৌধুরী সংসদ সদস্য পদে থাকার জন্য অযোগ্য নন বলে আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছে। এর ফলে মায়া চৌধুরীর পদে থাকা বৈধ ও এতে কোনো অসুবিধা নেই।”
মায়ার মন্ত্রী পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে গত ৭ জুলাই রিট আবেদনটি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
পরদিন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে আবেদনটি নেওয়া হয়। তারা জ্যেষ্ঠ বেঞ্চে নেওয়ার জন্য পরামর্শ দিয়ে আবেদনটি ফিরিয়ে দেন।
পরে ২৭ জুলাই বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চে আবেদনটি নিয়ে যান ইউনুছ।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (ফাইল ছবি)
এরপরও মায়া সাংসদ ও মন্ত্রী পদ না ছাড়ায় গত ৩০ জুন তাকে উকিল নোটিস পাঠান ইউনুছ আলী আকন্দ।
ওই নোটিসের জবাব না পেয়ে রিট আবেদন করেন তিনি। তার এ আবেদনে মায়া ছাড়াও প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় সংসদের স্পিকারকে বিবাদী করা হয়।
২০০৭ সালের ১৩ জুন জরুরি অবস্থার সময় দুর্নীতি দমন কমিশনের করা ওই মামলায় সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে ২৯ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয় মায়ার বিরুদ্ধে।
পরের বছর ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত দুই ধারায় মায়াকে মোট ১৩ বছরের কারাদণ্ড এবং পাঁচ কোটি টাকা জরিমানা করে।
মায়া ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে গেলে তার আবেদনের শুনানি নিয়ে ২০১০ সালের ২৭ অক্টোবর একটি বেঞ্চ তাকে খালাস দেয়, যা বাতিল হয়ে যায় আপিল বিভাগের আদেশে।
ওই আদেশের পর ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়ার মন্ত্রী ও সংসদ সদস্য পদে থাকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। আপিল বিভাগের আদেশের পর বিএনপিও মায়ার পদত্যাগের দাবি তোলে।
