২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ার মন্ত্রিত্ব নিয়ে রিটে বিভক্ত আদেশ

দণ্ডিত হওয়ার পরও আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সাংসদ বা মন্ত্রী পদে থাকার বৈধতা নিয়ে করা রিট আবেদনে বিভক্ত আদেশ দিয়েছে হাই কোর্টের একটি বেঞ্চ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 12:20 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক রুল দিলেও অপর বিচারক আবেদনটি খারিজ করে দিয়েছেন বলে জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ থেকে সোমবার এই বিভক্ত আদেশ আসে।

নিয়ম অনুযায়ী, বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য অন্য একটি বেঞ্চ ঠিক করে দেবেন।

মায়ার মন্ত্রী পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে গত ৭ জুলাই এই রিট আবেদনটি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

পরদিন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে আবেদনটি নেওয়া হলে তারা জ্যেষ্ঠ বেঞ্চে নেওয়ার জন্য পরামর্শ দিয়ে আবেদনটি ফিরিয়ে দেন। পরে ২৭ জুলাই এই বেঞ্চে আবেদনটি নিয়ে আসেন ইউনুছ।

আদালতে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রেপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মোতাহার হোসেন সাজু। আর মায়ার পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমদ রাজা।

আদেশের পর ইউনুছ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোন কর্তৃত্ববলে মায়া মন্ত্রী বা সংসদ সদস্য পদে আছেন, তা জানতে চেয়ে জ্যেষ্ঠ বিচারপতি রুল দিয়েছেন। অপর বিচারপতি আবেদনটি খারিজ করে দিয়েছেন।”

ডেপুটি অ্যার্টনি জেনারেল মোতাহার হোসেন সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংবিধানের ৬৬ (২) অনুচ্ছেদ নিয়ে করা ওই আবেদনে ‘প্রাথমিক সারবত্তা’ থাকায় জ্যেষ্ঠ বিচারপতি দুই সপ্তাহের রুল দিয়েছেন।

“সাংবিধানিক রীতি-নীতি ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুসারে কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে রায়ের পর্যালোচনায় বিচারক, নির্বাহী কর্তৃপক্ষ বা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তাহলে তা স্পিকারের কাছে পাঠান। স্পিকার সে অনুসার পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনে পাঠাবে। মোফাজ্জল হোসেন মায়ার মামলায় বিচারিক আদালতের রায়ে এ বিষয়ে কিছু বলা হয়নি। সর্বশেষ আপিল বিভাগও তার পদে থাকা নিয়ে কিছু বলেনি। এসব দিক বিবেচনায় অপর বিচারপতি রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন।”

আট বছর আগের একটি দুর্নীতি মামলায় আওয়ামী লীগ নেতা মায়াকে হাই কোর্টের দেওয়া খালাসের রায় গত ১৪ জুন বাতিল করে নতুন করে আপিল শুনানির আদেশ দেয় আপিল বিভাগ।

২০০৭ সালের ১৩ জুন জরুরি অবস্থার সময় দুর্নীতি দমন কমিশনের করা ওই মামলায় সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে ২৯ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয় মায়ার বিরুদ্ধে।

পরের বছর ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত দুই ধারায় মায়াকে মোট ১৩ বছরের কারাদণ্ড এবং তাকে পাঁচ কোটি টাকা জরিমানা করা হয়।

মায়া ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে গেলে তার আপিলের শুনানি করে ২০১০ সালের ২৭ অক্টোবর হাই কোর্ট বেঞ্চ তাকে খালাস দেয়, যা বাতিল হয়ে যায় আপিল বিভাগের আদেশে।

ওই আদেশের পর ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়ার মন্ত্রী ও সংসদ সদস্য পদে থাকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। আপিল বিভাগের আদেশের পর বিএনপিও মায়ার পদত্যাগের দাবি তোলে।

এরপরও মায়া সাংসদ ও মন্ত্রী পদ না ছাড়ায় গত ৩০ জুন তাকে উকিল নোটিস পাঠান ইউনুছ আলী আকন্দ।

নোটিসে বলা হয়, “সংবিধানের ৬৬ এর ২ (ঘ) দফা অনুসারে দণ্ডিত ব্যক্তি সংসদ সদস্য বা মন্ত্রী পদে থাকতে পারেন না।”

এতে বলা হয়, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদে সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতার বিষয়ে বলা হয়েছে, যদি কেউ নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার মুক্তিলাভের পর পাঁচ বছরকাল অতিবাহিত না হয়ে থাকে, তবে তিনি সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না।

ওই নোটিসের জবাব না পেয়েই রিট আবেদন করেন আইনজীবী ইউনুছ। তার এ আবেদনে মায়া ছাড়াও প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় সংসদের স্পিকারকে বিবাদী করা হয়।

পুরনো খবর:

মায়ার মন্ত্রী পদ নিয়ে রিট আবেদন ফেরত