২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ নারীদের দক্ষ করতে ‘অপূর্ব ক্ষেত্র’ হয়েছে বাংলাদেশে: রানি ম্যাক্সিমা

গ্রামীণ নারীদের দক্ষ ও তথ্যপ্রযুক্তি নির্ভর মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বাংলাদেশে ‘অপূর্ব ক্ষেত্র’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 10:51 PM

Updated : 22 Aug 2022, 01:57 PM

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বুধবার ঢাকার সোনারগাঁও হোটেলে রানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়ে জানানো হয়।

রানি ম্যাক্সিমাকে উদ্ধৃত করে এতে বলা হয়, “বাংলাদেশের গ্রামীণ জনপদে নারীরা বেশ সাবলম্বী হয়ে উঠছে। কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

“বাংলাদেশে টেলিযোগাযোগ ও ইন্টারনেটের ব্যাপক প্রসার হয়েছে। এর ফলে তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মসংস্থানে গ্রামীণ নারীদের আরও ব্যাপক আকারে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের দক্ষ ও তথ্যপ্রযুক্তি নির্ভর মানবসম্পদ হিসেবে গড়ে তোলার এক অপূর্ব ক্ষেত্র তৈরি হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ নারীদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি আরো জোরদার করা যায়।”

প্রতিমন্ত্রী পলক গ্রামীণ নারীদের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রানিকে অবহিত করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, “গ্রামীণ নারীদের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ইতোমধ্যে ই-লার্নিং অ্যান্ড আর্নিং, বাড়ি বসে বড়লোক ইত্যাদি প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করে চলেছে।”

পাশাপাশি যে সব এলাকায় প্রযুক্তি সুবিধা অপ্রতুল (দ্বীপ, হাওর, চরাঞ্চল ও পানিবন্দি এলাকা) সেসব জায়গায় নেদারল্যান্ডসের ফ্লোটিং সিটি অ্যাপস এবং আইসিটি ডিভিশন, রবি ও হুয়াওয়ের মাধ্যমে চালু হতে যাওয়া ডিজিটাল বাসের সহায়তায় প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রানিকে জানান প্রতিমন্ত্রী।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ডের (এনটিএফ) মাধ্যমে বাংলাদেশকে সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে নেদারল্যান্ডস সরকারকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।