‘লুই কানের নকশায় কোথাও কবর নাই’
লুই আই কানের নকশার বাইরে যারা জাতীয় সংসদ ভবন এলাকায় কবর তৈরি করেছেন, তাদের জবাবদিহি চাইবেন বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সংসদের সোমবারের অধিবেশনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “লুই কান তার নকশায় কোথাও কবর দেখান নাই। লুই কানের স্থাপনাকে রক্ষা করতে আমরা সব ব্যবস্থা গ্রহণ করব।”
সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্যানের মধ্যে জিয়াউর রহমানের কবর রয়েছে। ১৯৮১ সালে রাষ্ট্রপতি থাকা অবস্থায় এক ব্যর্থ সেনা অভ্যূত্থানে জিয়া মারা যাওয়ার পর প্রথমে তাকে চট্টগ্রামে কবর দেওয়া হয়েছিল, পরে তা ঢাকার স্থানান্তর হয়।
আওয়ামী লীগ সরকার জিয়ার কবর সরানোর পরিকল্পনা করছে বলে বিএনপির অভিযোগের মধ্যে গৃহায়নমন্ত্রীর এই বক্তব্য এল।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেইনে উন্নীত করতে গিয়ে অনেক কবর বিলীন হওয়ার কথাও বলেন তিনি।
“সবুজ জায়গা থাকলেই সেখানে কবর করতে হবে? এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। উনারা মারা গেলে কি সবুজ চত্বরে কবর দেওয়া হবে ?
“যারা এই কাজ করেছে, তাদের জবাবদিহি করতে হবে।”
মোশাররফ বলেন, “আমি চট্টগ্রামের জন্য অনেক কাজ করেছি। আমি মারা গেলে কি আমার কবর এম এ আজিজ স্টেডিয়ামের মাঝে হবে?”
মূল প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সরকারি নির্দেশনায় বিভিন্ন সময়ে সংসদ ভবন চত্বরে কবর গড়ে তোলা হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় লুই আই কান প্রণীত সব নকশা পেনসেলভেনিয়া ইউনিভার্সিটির আর্কিটেকচারাল আর্কাইভ হতে সংগ্রহের কাজ প্রক্রিয়াধীন।”
সাবেক রাষ্ট্রপতি আবদুস সাত্তার, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান ও আতাউর রহমান খান, মশিউর রহমান যাদু মিয়া, মুসলিম লীগ নেতা খান এ সবুর, সাহিত্যিক ও সাংবাদিক আবুল মনসুর আহমদ এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার তমিজউদ্দীন খানের কবর রয়েছে সংসদ ভবন এলাকায়।
এছাড়া লুই কানের নকশার বাইরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি), স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরের চারদিকে চারটি প্রবেশপথ, মসজিদ এবং ক্রিসেন্ট লেকের ওপর ঝুলন্ত সেতু তৈরি করা হয়েছে।
লুই কানের নকশা হাতে পাওয়ার পর তার আলোকেই সংসদ ভবন এলাকার সব স্থাপনা সংরক্ষণ করা হবে বলেও জানান মন্ত্রী।
এস্তোনিয়ায় জন্মগ্রহণকারী মার্কিন স্থপতি লুই কান ১৯৬২ সালে ঢাকায় জাতীয় সংসদ ভবন কমপ্লেক্স ও আশপাশের এলাকা নিয়ে নকশা করেছিলেন।
ওই নকশা সরকারের হাতে না থাকায় সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের একটি প্রস্তাবও ইতোমধ্যে ঝুলে গেছে।
চলতি মাসের ৪ তারিখ স্থপতি লুই আই কানের মহাপরিকল্পনাটি আগামী তিন মাসের মধ্যে আদালতে দাখিল করতে সংসদ সচিবালয়ের সচিবকে নির্দেশও দিয়েছে আপিল বিভাগ।
জাতীয় সংসদ ভবনের চারপাশে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ নিয়ে সমালোচনার প্রেক্ষিতে গতবছর ওই নকশা আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেজন্য স্থাপত্য অধিদপ্তর লুই কানের প্রতিষ্ঠান ডেভিড অ্যান্ড উইজডমের সঙ্গে যোগাযোগও করেছিল সরকার।
কিন্তু মূল নকশা আনতে কত টাকা লাগবে সেই হিসাব করতেই এক বছরের বেশি সময় পার করে দিয়েছে সংসদ সচিবালয় ও স্থাপত্য অধিদপ্তর।
