জিয়ার কবর সরানোর চেষ্টা হলে প্রতিহত: বিএনপি
জাতীয় সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরিয়ে নেওয়ার চেষ্টা হলে তা ‘প্রতিহত’ করা হবে বলে হুঁশিয়ার করেছে বিএনপি।
বৃহস্পতিবার ঢাকায় এক আলোচনা সভায় দলটির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের রাজনীতিতে প্রতিহিংসা পরায়ণতা ও পরশ্রীকাতরতার সবচাইতে কলঙ্কময় অধ্যায় হবে যদি এই সরকার জিয়ার মাজারকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে।”
সম্প্রতি সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংসদ ভবন এলাকায় জিয়াউর রহমানের কবরসহ আটটি কবর সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানায় বাংলাদেশের একটি জাতীয় দৈনিক।
গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, স্থপতি লুই আই কানের নকশায় শেরেবাংলা নগর এলাকায় কবরস্থানের জন্য কোনো জায়গা রাখা হয়নি।
জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ঢাকা দক্ষিণ শাখার আয়োজনে ওই আলোচনা সভায় হাফিজউদ্দিন বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপি নেতারা যতদিন বেঁচে আছে, সর্বশক্তি দিয়ে এই অপচেষ্টাকে প্রতিহত করব।”
এই বিএনপি নেতা বলেন, “সংসদ ভবনের স্থপতি লুই কানের নকশায় কবর থাকবে কী করে? তখন তো জিয়াউর রহমান জীবিত ছিলেন।”
সাবেক সামরিক শাসক জিয়াকে দেশের ‘সবচাইতে জনপ্রিয় রাষ্ট্রপতি’ অভিহিত করে হাফিজউদ্দিন বলেন, “লুই কানের ‘নকশার সুতো ধরে’ জিয়ার মাজার স্থানান্তর করার যে দূরভিসন্ধি সরকার প্রকাশ করছে, এ ধরনের কোনো উদ্যোগ না নেওয়ার বিনীত আবেদন জানাই।
“অত্যন্ত দৃষ্টি নন্দন এই মাজারে বহু মানুষ তাদের হৃদয়ের অর্ঘ্য দিতে যায় ।হিংসা-বিদ্বেষের কোনো কিছু নেই, ইতিহাস সবাইকে যার যার স্থানে রাখবে।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এম কে আনোয়ারসহ বিএনপির নেতাকর্মীদের ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানো হচ্ছে অভিযোগ করে হাফিজ বলেন, “নিশ্চয়ই সরকার চায় বিএনপির নেতারা কারা অভ্যন্তরে মারা যাক। তারা (ক্ষমতাসীন দল) ষড়যন্ত্র ও গণতন্ত্রহীন করে দেশ শাসন করবে এটা কোনো দিন সফল হবে না।”
জাসাস দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাস নেতা ছড়াকার আবু সালেহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম আলোচনা সভায় বক্তব্য দেন।
